ওঁরা সোনার অভিযাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি চলচ্চিত্রের নায়ক। ক্যামেরা, অ্যাকশন, কাট—এগুলো নিয়েই সময় কাটে। যে ভূমিকায় বাংলাদেশের দর্শকেরা বেশি পছন্দ করে সেই ‘মারামারির’ জন্য পরোক্ষে তাঁকে বলা হয় ‘অ্যাকশন হিরো’। মিরপুর শহীদ সোহ্রাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সেই অ্যাকশন হিরো মাসুম পারভেজ ওরফে রুবেলের উচ্ছ্বাসটা ছিল চোখে পড়ার মতো। কোনো ফেডারেশন কর্তাকে সোনা জয়ের পর এমন ছেলেমানুষি আনন্দ করতে কে কবে দেখেছে!বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি মাসুম পারভেজের গলায় ঝোলানো একখণ্ড কাপড়। লাল-সবুজের মিশেলে ওই কাপড়টি এনেছিলেন খেলোয়াড়দের উজ্জীবিত করতে। দেশের অপ্রধান একটি খেলা কারাতে প্রায় সময়ই লোকচক্ষুর আড়ালে পড়ে থাকে। দক্ষিণ এশীয় গেমস তাদের এনে দিল নিজেদের প্রমাণ করার অবারিত সুযোগ। তা কারাতেকারা কাজে লাগালেন। কাল ৭টি ইভেন্টের চারটিতেই জিতলেন সোনা। বাকিটিতে রুপা। ব্রোঞ্জ পেয়েছেন দুটি।দিনের শুরুটা হয়েছিল কাতা ইভেন্ট দিয়ে। কাতা হচ্ছে হাওয়ার সঙ্গে লড়াই। শূন্যে প্রতিদ্বন্দ্বিতা করে নিজের শিল্পকে তুলে ধরতে হয় বিচারকদের সামনে। আর কুমিতে লড়াইটা হয় শরীরী।কাতায় প্রথম দলগত সোনা জেতেন সৈয়দ নুরুজ্জামান, যমজ দুই ভাই হাসান খান ও হোসেন খান। এই ইভেন্টে রুপা পাকিস্তানের, ব্রোঞ্জ শ্রীলঙ্কার। দিনের দ্বিতীয় ইভেন্ট ছিল ব্যক্তিগত কাতা, ওটা জিতেছেন শ্রীলঙ্কার এডওয়ার্ড। রুপা পান বাংলাদেশের ইবনে ইফতেখার। ব্রোঞ্জ ভারতের বিকাশ। মেয়েদের ব্যক্তিগত কাতায় ভারতের সন্ধ্যাকে হারিয়ে সোনার পদক গলায় তোলেন বাংলাদেশের মেয়ে জ উ প্রু। শ্রীলঙ্কার আর্যরত্ন জেতেন ব্রোঞ্জ।মেয়েদের ব্যক্তিগত কুমিতেও সোনা বাংলাদেশের। অনূর্ধ্ব-৪৫ কেজিতে দেশের জন্য তা জিতেছেন মরিয়ম খাতুন। রুপা ভারতের ভালেনার ও ব্রোঞ্জ পাকিস্তানের জোরাহর। ছেলেদের ব্যক্তিগত কুমির ৫৫ কেজিতে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের শামীম ওসমান। সোনা নেপালের সুনীল।যমজ দুই ভাই অনেক খেলাতেই সাফল্য দেখিয়েছেন। বাংলাদেশেও দেখালেন হাসান ও হোসেন। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র হাসান সোনা জয়ের পর বললেন, ‘দুই ভাই একসঙ্গে দেশের জন্য কিছু করতে পারলাম বলে দারুণ খুশি লাগছে।’ যমজ বলে কম বিড়ম্বনায় পড়তে হয়নি দুজনকে। ছোট ভাই হোসেন খান একবার স্কুলে ফুটবল খেলতে গিয়ে বল মেরে এক চায়ের দোকানির ফ্লাস্ক ভেঙেছিলেন। সেই জরিমানা দিতে হয়েছিল বড় ভাই হাসানকে!শুধু হাসান, হোসেনই নয়, অধিনায়ক নূরুজ্জামানও লড়েছেন দারুণ। তিনি তো সোনা জয়ে আশাবাদী ছিলেন শুরু থেকেই, ‘আমি আত্মবিশ্বাসী ছিলাম যে আমরা কারাতে তে সোনা জিতব। সেটা একের অধিকও হতে পারে।’এত কিছুর পরও নিজেদের একটা ভেন্যু নেই বলে আক্ষেপ ঝরল ফেডারেশন সভাপতি মাসুম পারভেজের কণ্ঠে, ‘ক্রিকেট, ফুটবল, হকি ও হ্যান্ডবলে নিজেদের স্টেডিয়াম আছে। কিন্তু আমাদের এই ইনডোর ভাড়া নিয়ে প্র্যাকটিস করতে হয়। আশা করি, এই সাফল্যের পর সরকার বিষয়টি ভেবে দেখবে।’