মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি-বঞ্চিত হওয়ার সান্ত্বনা কিছু হয়! গত ওয়েলিংটন টেস্টে সেই দুঃখে পোড়া মিসবাহ-উল হক এই ভেবে কিছুটা দুঃখ লাঘব করতে পারেন, তিনি ঢুকে গেছেন ১১ জনের সংক্ষিপ্ত তালিকায়। এই ১১ টেস্ট অধিনায়ক ১ রানের জন্য সেঞ্চুরি পাননি। মিসবাহর আগে সর্বশেষ এই হতাশায় পুড়েছেন ভেট্টোরি, পাকিস্তানেরই বিপক্ষে। এবার ভেট্টোরির দল যেন সেটা ফিরিয়ে দিল। আগের নয়জনের মধ্যে শন পোলকের কষ্টটা একটু আলাদা। কেবল পোলকই যে সঙ্গীর অভাবে ৯৯ রানে অপরাজিত ছিলেন। তালিকায় মিসবাহর সঙ্গী হিসেবে আছেন দুই সাবেক পাকিস্তান অধিনায়ক মাজিদ খান আর সেলিম মালিক। ইংল্যান্ডেরও তিন অধিনায়কের এই অভিজ্ঞতা হয়েছে—নরম্যান ইয়ার্ডলি, টেড ডেক্সটার ও মাইক আথারটন। স্টিভেন ফ্লেমিং, সৌরভ গাঙ্গুলী ও রিকি পন্টিংকে দিয়ে পূর্ণ হয়েছে ১১ জনের তালিকা। প্রথম ৯৯ রানে আউট হওয়া অধিনায়ক ইয়ার্ডলির দুঃখটা জীবনের শেষ দিন পর্যন্ত হয়তো সঙ্গী হয়েছিল। ক্যারিয়ারে যে কখনোই সেঞ্চুরির দেখা তিনি পাননি!