ওঁরাও আক্রান্ত বিশ্বকাপ-জ্বরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরহামেশাই তাঁরা মুখোমুখি হন মাঠের লড়াইয়ে। সবার ওপরের আসনটি নিয়ে চলে তাঁদের ঠান্ডা লড়াই। আর দিনকতক আগে সতীর্থের হাতে সেই আসনটি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন একজন। তবুও তাঁদের সম্পর্কটা মোটেও দা-কুমড়া গোছের কিছু নয়। বেশ ভালো বোঝাপড়া তো আছেই, একে অপরের প্রতি দারুণ শ্রদ্ধাশীলও তাঁরা। হ্যাঁ, টেনিস রাজত্বের দুই রাজা রজার ফেদেরার ও রাফায়েল নাদালের কথাই হচ্ছে। কিন্তু গত কয়েক সপ্তায় বেশ কয়েক চোট বিতর্ক হয়ে গেছে এই দুই রাজার মধ্যে! কী হলো তবে? সামনের উইম্বলডন মাঠে গড়ানোর আগে, এ কি তবে স্নায়ুর লড়াই? এমনটা তো কখনোই হয়নি!আসলে সব তর্ক-বিতর্কের জন্ম ওই বিশ্বকাপ ফুটবল ঘিরেই! না, ফেদেরার-নাদালের বিবাদ আসলে ভয়াবহ মাত্রার কিছু নয়। স্রেফ নিজের সমর্থিত দলের হয়ে ‘গলাবাজি’ করছেন তাঁরা। বিশ্বকাপে যখন গোটা বিশ্ব কাঁপে, তখন ফেদেরার-নাদালরাই বা কেন বাদ থাকবেন? সেই তালিকায় আছেন ক্রীড়াবিশ্বের আরও অনেক তারকাও। আর সবার মতোই বিশ্বকাপ-জ্বরে ভুগছেন তাঁরা!টেনিস তারকা রজার ফেদেরারের জন্মভূমি সুইজারল্যান্ড। অবধারিতভাবেই দেশের জয়গান তাঁর মুখে। মায়ের দেশ দক্ষিণ আফ্রিকাও আছে তাঁর পছন্দের তালিকায়। বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকায় এবার বিশ্বকাপের আসর বসেছে, এটা সত্যিই অসাধারণ! আমার আশা, সুইজারল্যান্ড এবার ভালো করবে। তাই আমার সমর্থন সুইজারল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার পক্ষে।’ তবে নাদালের মাতৃভূমি স্পেন এবার এমনিতেই বিশ্বকাপের অন্যতম ফেবারিট। সুযোগ পেলেই নিজের স্পেনের কিংবা রিয়াল মাদ্রিদের গুণগান করেন আর সুইজারল্যান্ডের বিপক্ষে দু-চার কথা শুনিয়ে দিতে ছাড়েন না ফেদেরারকে। ‘স্প্যানিশদের জন্য শুভকামনা। স্পেন এবার খুবই ভালো দল। বিশ্বকাপ জেতার বড় সুযোগ আছে আমাদের’, বলেছেন ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন নাদাল।বিশ্বের দ্রুততম মানব জ্যামাইকার উসাইন বোল্টের মতে, এবারের বিশ্বকাপ আর্জেন্টিনার হাতেই মানাবে, ‘ছেলেবেলায় দেখেছি সবাই ব্রাজিলকে সমর্থন করছে। কিন্তু আমি কখনোই সব সময় জেতে তেমন কোনো দলকে সমর্থন দিতে রাজি না। তাই আমার পছন্দ আর্জেন্টিনা।’আরেক টেনিস তারকা স্কটল্যান্ডের অ্যান্ডি মারের বাজি ইংল্যান্ডের পক্ষেই। তাঁর মতে, এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের সম্ভাবনা নিয়ে ইংলিশ গণমাধ্যমের মাতামাতি নাকি তাঁর ওপরে উইম্বলডনের চাপ অনেকটাই লাঘব করবে! ফর্মুলা ওয়ানের তারকাদের মধ্যেও দলাদলি শুরু হয়ে গেছে! ম্যাকলারেনের জেনসন বাটন এবং লুইস হ্যামিল্টন বাজি ধরেছেন নিজ দেশ ইংল্যান্ডের পক্ষে। আর ফর্মুলা ওয়ানের সাবেক চ্যাম্পিয়ন ফেরারির ফার্নান্দো অলোনসোর সমর্থন স্পেনের পক্ষে। আর তাঁর ফেরারি সতীর্থ ফিলিপে মাসার পছন্দ নিজের দেশ ব্রাজিল। তবে ব্রাজিলের সাম্বা নাচের মতোই ছন্দময় ফুটবল দেখতে চান এই তারকা, দুঙ্গার নিয়ম-নীতিও তাঁর কাছে খুব সুবিধার ঠেকছে না!যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা কোবি ব্রায়ান্ট মনে করেন, ফাইনাল হবে ইতালি বনাম ব্রাজিলের মধ্যে। আর ব্রাজিলের খ্যাতনামা মহিলা ফুটবলার মার্তার চাওয়া, ব্রাজিল হবে চ্যাম্পিয়ন। তবে তাঁর পছন্দের খেলোয়াড় পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। এএফপি।