ওই দলে থাকতে চান না রবিউল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ‘যত দিন খেলেছি, তত দিনই আশা ছিল হয়তো আরও টেস্ট খেলব। সেটা না হওয়ায় খেলা ছেড়ে দেওয়ার পর আফসোস ছিল। তবে এখন সব পানি হয়ে গেছে। আফসোস-টাফসোস আর নেই’—এহসানুল হক। ‘যখন দলে সুযোগ পাই, ভাবিনি এই একটা টেস্টই শেষ। জাতীয় দলে লম্বা সময় খেলার ইচ্ছা ছিল। এখনকার খেলোয়াড়েরা অনেক সুযোগ পেলেও আমার বেলায় হয়নি। সেটাই যখন হয়নি, আর টেস্ট খেলব কি?’—ফয়সাল হোসেন।এহসানুল, ফয়সালের মতো মাত্র এক টেস্ট খেলেই হারিয়ে যাওয়া ক্রিকেটার বাংলাদেশেই আছেন আরও তিনজন—বিকাশ রঞ্জন দাস (এখন মাহমুদুর রহমান), রফিকুল ইসলাম ও আনোয়ার হোসেন। বিশ্ব ক্রিকেটে সংখ্যাটা এই মুহূর্তে ৪০৩, যদিও এদের অনেকেই এখনো খেলার মধ্যে আছেন। বাংলাদেশ দলের আশপাশেই যেমন আছেন নাজমুল হোসেন ও রবিউল ইসলাম। ২০০৪ সালে চট্টগ্রামে ভারতের বিপক্ষে একমাত্র টেস্টটি খেলেছেন নাজমুল। রবিউল অভিষেক টেস্ট খেললেন গত বছর ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে।অভিষেক টেস্টের পর গত ছয় বছরেও যখন আর কোনো টেস্ট খেলার সুযোগ হলো না, ‘ওয়ান টেস্ট ওয়ান্ডার’ ক্লাবে ঢোকার ‘দাবি’ এখন জানাতেই পারেন নাজমুল। রবিউলের ক্ষেত্রে সেটা এখনই বলার উপায় নেই, কারণ তাঁর অভিষেক টেস্টের পর বাংলাদেশ দল এখন পর্যন্ত খেলেছেই মাত্র একটা টেস্ট। বরং ইংল্যান্ডে ওই সফরেই ওল্ড ট্রাফোর্ড টেস্টে একাদশের বাইরে থাকা রবিউল মনে-প্রাণেই চাইছেন ‘ওয়ান টেস্ট ওয়ান্ডার’ হয়ে না থাকতে। ক্রিকেটের তীর্থ লর্ডসে যাঁর অভিষেক, এক ম্যাচ খেলেই তো আর নিভে যেতে পারে না তাঁর টেস্ট ক্যারিয়ারের প্রদীপ! দল ঘোষণার দুই দিন আগে তাই চোখটা থাকল আসন্ন জিম্বাবুয়ে সিরিজেই, ‘জিম্বাবুয়ে সফরের দলে সুযোগ পাব কি না, নির্বাচকেরা জানেন। তবে সুযোগ পেলে ভালো করব বলে আত্মবিশ্বাস আছে।’আত্মবিশ্বাসের জ্বালানিটা দিয়েছে একাডেমি মাঠে হওয়া দুই দিনের প্রস্তুতি ম্যাচ। ১২ ওভারে ৩ মেডেন, ৩৭ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট। এ ছাড়া গত এপ্রিলে ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়া সফরের পারফরম্যান্সটাও নাকি যথেষ্ট উদ্দীপক, ‘দক্ষিণ আফ্রিকায় “এ” দলের হয়ে দুই ম্যাচেই ভালো বল করেছি। ওখানকার আবহাওয়াও পেসারদের জন্য সহায়ক ছিল। ঠান্ডা ছিল। বলে মুভমেন্ট-সুইং ছিল।’ এই আত্মবিশ্বাস হয়তো সাহায্য করবে অভিষেক টেস্টের জড়তা কাটিয়ে উঠতে, ভুলে যেতে লর্ডস টেস্টের পারফরম্যান্সটাও। প্রথম ইনিংসে নতুন বলের সঙ্গী পেসার শাহাদাত হোসেন ৫ উইকেট নিয়ে অনার্স বোর্ডে নাম তুললেও ২২ ওভারে ১০৭ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন রবিউল। পরের ইনিংসে ১ ওভার বল করে ১২ রান, উইকেট পাননি। রবিউলের বিশ্বাস, আরেকবার লাল বল হাতে মাঠে নামলে এই জড়তা দূর হয়ে যাবে, ‘ওখানে প্র্যাকটিস ম্যাচগুলোতে খুব ভালো বোলিং করেছিলাম। এরপর আসল জায়গায় ওরকম বোলিং হবে আশা করিনি। তবে লর্ডসের মতো জায়গায় প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে একটু নার্ভাস ছিলাম। এখন সুযোগ পেলে মনে হয় ভালো করব।’এবার সুযোগ পেলে রবিউলের দায়িত্বটাও থাকবে বেশি। লর্ডসে মাশরাফি বিন মুর্তজা না থাকলেও শাহাদাত ছিলেন। ইনজুরির কারণে এবার তিনিও নেই! আট টেস্ট খেলা রুবেল হোসেন আর পাঁচ টেস্ট খেলা শফিউল ইসলামের সঙ্গে এক টেস্ট খেলা রবিউল—টেস্টের জন্য এই পেস আক্রমণ একটু অনভিজ্ঞই। আত্মবিশ্বাসের সঙ্গে এই জায়গায় রবিউলের সহায় সহকারী কোচ সারোয়ার ইমরান, ‘মনে হয় না সমস্যা হবে। ঢাকা লিগ বা প্রথম শ্রেণীর ক্রিকেটে আমি বেশির ভাগ সময় বোলিং কোচ হিসেবে ইমরান স্যারকে পেয়েছি। উনি সঙ্গে যাবেন। কাজেই যদি যাই, সমস্যা হবে না। স্যার পেস বোলারদের জন্য খুব হেল্পফুল।’লর্ডসের দুঃস্বপ্ন কি তবে হারারেতেই ভুলতে চলেছেন রবিউল! এর আগে অবশ্য আগামীকাল ঘোষিত হতে যাওয়া দলে থাকতে হবে তাঁকে।