ওই নতুনের কেতন ওড়ে
পদকের লড়াই সাঙ্গ করে যে যাঁর ঠিকানায় ফিরে গেছেন। গেমসের মশাল নিভে যাওয়ার মাধ্যমে শেষ হয়েছে নয় দিনের উৎসবমুখর ক্রীড়ানুষ্ঠানের। ১১ বছরের দীর্ঘ বিরতির পর বাংলাদেশ গেমসের সফল আয়োজনই বড় একটা প্রাপ্তি। গেমসের নানা রঙের ছবির মধ্যে সব ছাপিয়ে একঝাঁক নবীনের আবির্ভাবকেও বলতে হবে প্রাপ্তির খাতায় বড় সংযোজন।তারুণ্যের দীপ্তি ছড়ানোর তালিকায় ঠাঁই পাবে অনেক নামই। ২০০ মিটার স্প্রিন্টে সোনা ও ১০০ মিটারে রুপাজয়ী বিকেএসপির আবু রায়হান, সাঁতারে রোমানা আক্তার, আর্চারিতে রোমান সানা ও নন্দিতা খান, শ্যুটিংয়ে শারমিন আক্তার নামে নতুন আরেকজন, তায়কোয়ান্দোতে জাহিদুল ইসলাম ছড়িয়েছেন সম্ভাবনার আলো।তবে সবাইকে ছাপিয়ে চারটি নবীন মুখ রীতিমতো কাঁপিয়ে তুলেছে বাংলাদেশ গেমসের মতো বড় মঞ্চ। স্প্রিন্টে মেজবাহ আহমেদ ও জাকিয়া সুলতানা, শ্যুটিংয়ে রাব্বি হাসান এবং ব্যাডমিন্টনে আইমান ইবনে জামানকে আলাদা করে রাখতে হচ্ছে ইভেন্টের তাৎপর্য ও অর্জনের বিশালত্ব বিবেচনায়। প্রথম তিনজনই বিকেএসপির শিক্ষার্থী। ক্যারিয়ারের উষালগ্নেই এই তরুণ তুর্কিরা সামনের সারিতে। নামীদামি প্রতিদ্বন্দ্বীদের আধিপত্য খর্ব করে দাঁড়িয়েছেন বিজয়মঞ্চে।উসাইন বোল্ট যেখানে ১০০ মিটারের রেকর্ডটাকে সাড়ে নয় সেকেন্ডে নামিয়ে আনার অসম্ভবকে সম্ভব মনে করাচ্ছেন, বাংলাদেশের হাল আমলের স্প্রিন্টাররা ১১ সেকেন্ডের ব্যারিয়ার ভাঙতেই হিমশিম খাচ্ছিলেন। দেশের নতুন দ্রুততম মানব মেজবাহর ১০.৭৫ সেকেন্ডের টাইমিং তাই অ্যাথলেটিকস অঙ্গনে বিস্ময়ই জাগিয়েছে। এই টাইমিং দেখে দ্রুততম মানবের মুকুট হারানো মোহন খান পর্যন্ত হতবাক। জাতীয় রেকর্ড প্রয়াত মাহবুব আলমের ১০.৫৪ সেকেন্ড। মেজবাহর পক্ষে সেটি ভাঙা শুধুই সময়ের ব্যাপার বলে মনে হচ্ছে।এত দিন মেয়েদের স্প্রিন্ট মানেই ঘুরেফিরে সেই একটি নাম—নাজমুন নাহার বিউটি। বিউটির টানা আট বছরের আধিপত্য এবার ভেঙে দিয়েছেন জাকিয়া সুলতানা, বিউটিকে হারিয়ে জিতে নিয়েছেন ২০০ মিটারের সোনা। সঙ্গে ৪০০ মিটারও। ‘ডাবল’ জেতা এই তরুণী যেন বর্ণহীন অ্যাথলেটিকসের নতুন রং।আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে অনেক সাফল্য এনে দেওয়া ১০ মিটার এয়ার রাইফেল শ্যুটিংয়েও দেখা মিলেছে নতুন নায়কের। কমনওয়েলথ গেমস সোনাজয়ী আসিফ হোসেন খান ও হালের সেরা আবদুল্লাহ হেল বাকিকে হারিয়ে বাংলাদেশের শ্যুটিংয়ের ধমনীতে নতুন রক্ত সঞ্চালন করেছেন টাঙ্গাইলের কিশোর রাব্বি হাসান। এই ইভেন্টে বড় বড় নামকে বিবর্ণ করে দিয়ে এভাবে উজ্জ্বল হয়ে উঠবেন, এটা নিজেও ভাবতে পারেননি রাব্বি। এই সাফল্যের আত্মবিশ্বাস তাঁকে টেনে নিয়ে যেতে পারে অনেক দূর।তাঁদের সবার চেয়ে ছোট ১৫ বছরের আইমান। তিনি কিনা পরশ, রইস, জাবেদদের দীর্ঘদিনের আধিপত্য চূর্ণ করে ব্যাডমিন্টনে নতুন তারা। অভাবনীয়ভাবে এবং অবশ্যই সবাইকে চমকে এই কিশোর জিতে নিয়েছেন ব্যাডমিন্টনের এককের সোনা।মানারাত ইন্টারন্যাশনালে নবম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী ব্যাডমিন্টনে নিবেদিতপ্রাণ। ব্যবসায়ী বাবা কামরুজ্জামান রতন প্রশিক্ষণের জন্য ছেলেকে নিয়ে ছোটেন মালয়েশিয়া, ব্যাংককে। অতি অল্প সময়েই আইমান তাই অনেক পরিণত। গেমস ফাইনালে সাবেক চ্যাম্পিয়ন জাবেদকে হারিয়েছেন, শেষ আটে তাঁর কাছেই ধরাশায়ী ছয়বারের জাতীয় চ্যাম্পিয়ন পরশ। হঠাৎ আইমান-ঝড়ে ব্যাডমিন্টনের চেনা জগৎটাই এবার এলোমেলো।নবীনের শক্তির কাছে অভিজ্ঞতার এমন অসহায়ত্ব বারবারই ফুটে বেরিয়েছে এবারের বাংলাদেশ গেমসে। অনেক ইভেন্টই পূর্বানুমান ভুল প্রমাণ করে নবীনের গলায় পরিয়েছে বিজয়মাল্য। বিকেএসপির শিক্ষার্থী বলে মেজবাহ, জাকিয়া, রাব্বি, রায়হানরা একটু বেশিই সুযোগ-সুবিধা পান। সাফল্যও তাই ধরা দিয়েছে। প্রাতিষ্ঠানিক শিক্ষার মন্ত্র তাঁদের স্বপ্নটাকে আকাশ ছোঁয়াতে চাইছে এখন।এই বিজয়ীদের প্রত্যেকের মুখেই শোনা গেল একটা কথা, ‘এসএ গেমসে সোনা জিততে চাই।’ সে জন্য কী করণীয়, তা-ও জানা মেজবাহর, ‘টাইমিংটা আরও কমাতে কঠোর পরিশ্রম করব।’ ‘স্কোরটাকে আন্তর্জাতিক মানে নিতে চাই’—বলছেন এসএসসি পরীক্ষা দেওয়া রাব্বি। আইমান প্রেরণা হিসেবে বারবার বললেন বাবার কথা। জাকিয়া জানিয়ে দিচ্ছেন, ‘অ্যাথলেটিকস ভালোবাসি, তাই এটা ছাড়ব না।’এ দেশের ক্রীড়াঙ্গনে এমন অনেক ‘ফুল’ই ফোটে, আবার যত্নের অভাবে বাসি হয়ে ঝরেও পড়ে। তাঁরাও সেই দলে নাম লেখাবেন না, এটা নিশ্চিত করার দায়িত্বটা শুধু তাঁদের নয়, সংশ্লিষ্ট ফেডারেশনেরও।