ওচোয়া কি আজ আরও উঁচুতে?

শেষ মুহূর্তের খেলা চলছে। প্রতিপক্ষের স্ট্রাইকার বল পায়ে ছুটে আসছেন গোলমুখে। এই একটি গোলই ভেঙে দিতে পারে পুরো জাতির স্বপ্ন। একজন গোলরক্ষককে এ মুহূর্তটিতে মানসিকভাবে কতই না দৃঢ় হতে হয়! অবশ্য মেক্সিকান গোলরক্ষক গিলের্মো ওচোয়া বিশ্বকাপে যেভাবে চীনের প্রাচীর হয়ে গোলবার আগলে রাখছেন, তাতে ভয়-শঙ্কা-সিদ্ধান্তহীনতা শব্দগুলোকে অভিধানের বাতিল শব্দ বলে মনে হচ্ছে। তবে সামর্থ্যের সবচেয়ে বড় পরীক্ষা আজই দিতে হতে পারে ওচোয়াকে। তাঁর দল মেক্সিকো মুখোমুখি হচ্ছে হল্যান্ডের।
মেক্সিকান ‘যিশু’কে অবশ্য ধরায় নামিয়ে আনার আপ্রাণ চেষ্টা করবে ডাচরা। আরিয়েন রোবেন কখনো উইং দিয়ে, কখনো মাঝমাঠ চিরে মুহুর্মুহু আক্রমণ চালাচ্ছেন। লক্ষ্যভেদ করছেন অব্যর্থ তিরন্দাজের মতো। রবিন ফন পার্সি তো গোলের সামনে অব্যর্থ শিকারি৷ এ রকম আগ্রাসী আর ক্ষুধার্ত ডাচদের সামনে ওচোয়ার বিশ্বস্ত গ্লাভসজোড়াও কি প্রতারণা করতে পারে!
কিছুদিন আগ পর্যন্তও যে ওচোয়া ছিলেন আনকোরা এবং ভিড়ের একটি মুখ, তাঁকেই এখন দেখাচ্ছে শান্ত, পরিণত এক যোদ্ধা। ওচোয়া কোনো নামকে সমীহ না করে করছেন পুরো ডাচ দলটিকেই, ‘আমাদের শুধু রোবেনের দিকে মনোযোগ দিলে হবে না। হল্যান্ড এমন একটি দল, যারা কম্পিউটারের মতো খেলে। তাদের আছে দারুণ সব খেলোয়াড়। সবাইকে নিয়েই সতর্ক থাকতে হবে।’
গোলবার সামলাতে শুধু শেষ প্রহরীর গ্লাভসজোড়াই তো সম্বল নয়, নিরেট রক্ষণদেয়ালও থাকা চাই সামনে। রাফায়েল মার্কেজের অধীনে মেক্সিকোর রক্ষণভাগ দুর্দান্ত খেলছে । গ্রুপপর্বের তিনটি ম্যাচে তারা গোল খেয়েছে মাত্র একটি। রুখে দিয়েছে নেইমারের ব্রাজিলকে। রক্ষণ-সতীর্থদের ওচোয়া অনেকটাই নিরুদ্বিগ্ন, উচ্ছ্বসিত, ‘আমার মতে রক্ষণভাগই মূল অস্ত্র হিসেবে কাজ করছে।’ পরের কথাতেই হল্যান্ডকে দিলেন যেন প্রচ্ছন্ন একটা হুমকি, ‘ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো খেলোয়াড় আছে তাদের, আছে আমাদেরও। আমরা ওদের নিয়ে ভাবছি। তবে তাদেরও সতর্ক থাকতে হবে আমাদের। নিজেদের মতো করেই খেলব আমরা এবং অবশ্যই তা জয়ের জন্য।’
ওচোয়ার বাবরি চুল দেখে মনে হতে পারে জগৎ-সংসার নিয়ে বড়ই উদাসীন এক কবি। চেহারায় যতটা না কাঠিন্য, তার চেয়ে বেশি লাবণ্য। তবে চোখের চাহনিতেই ছায়া ফেলে ইস্পাতদৃঢ় মানসিকতা৷ ব্রাজিলের বিপক্ষে যেভাবে ডান দিকে ঝাঁপিয়ে পড়ে নেইমারের হেড ফেরালেন, সেটিকে তুলনা করা হচ্ছে ব্যাঙ্কসের শতাব্দীসেরা সেভের সঙ্গে। সন্দেহ নেই, হল্যান্ড-মেক্সিকো ম্যাচেও চোখ থাকবে ওচোয়ার ওপর।
পেলে-ম্যারাডোনার কথা তো সবাই-ই জানেন। কিন্তু ফেলিক্স কিংবা পম্পিডু? ’৭০-এর বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের গোলরক্ষক ছিলেন ফেলিক্স। পম্পিডু সামলেছেন ’৮৬ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলবার। দুনিয়াজুড়েই ফুটবল শুধু গোলের খেলা, গোলরক্ষকের কথা মনে রাখে কজন! এই বিশ্বকাপ শেষে মেসি-নেইমার-রোবেন-মুলারদের ভিড়ে ওচোয়ার নামটি উজ্জ্বল আলো জ্বালবে কি না, তা জানা যাবে আজই।