টুইটারে বিশ্বকাপের অফিশিয়াল পেজ @FIFA WorldCup সম্প্রতি বিশ্বকাপের সেরা গোলরক্ষক নিয়ে একটা বিতর্কের সূত্রপাত করেছিল। টুইটার ব্যবহারকারীরা ওই পেজে গিয়ে যে স্বতঃস্ফূর্ত বিতর্কে অংশগ্রহণ করে তাতে এই বিশ্বকাপের সেরা গোলরক্ষক হিসেবে অবিসংবাদিতভাবে এসে পড়েছে দুটি নাম—গিলের্মো ওচোয়া আর টিম হাওয়ার্ড। টুইটার ব্যবহারকারীরা সচেতনভাবেই উচ্চারণ করেছেন মেক্সিকো আর যুক্তরাষ্ট্রের এই গোলরক্ষকদের নাম। কেউ কেউ বিশ্বকাপের সেরা গোলরক্ষক বলেছেন কোস্টারিকার কেইলর নাভাসের নাম। তবে নিজেদের পারফরম্যান্সেই ওচোয়া আর হাওয়ার্ড এই জায়গায় এগিয়ে আছেন। ব্রাজিল ও হল্যান্ডের বিপক্ষে ওচোয়ার কয়েকটি অবিশ্বাস্য সেভের আলোচনাও উঠে এসেছে টুইটারের এই বিতর্কে। বেলজিয়ামের বিপক্ষে হাওয়ার্ডের পারফরম্যান্সকেও অনেকে বলেছেন এই বিশ্বকাপের সেরা। অথচ শেষ আটে কোস্টারিকার বিপক্ষে দুটি পেনাল্টি ঠেকিয়েই আলোচনায় জায়গা করে নিয়েছেন ডাচ গোলরক্ষক টিম ক্রাল।