ওচোয়ার সুদিন
‘ওচোয়া প্রাচীরে’ সেদিন আটকে গিয়েছিল ব্রাজিল। গ্রুপপর্বে নেইমারদের বিপক্ষে অবিশ্বাস্য কিছু গোল বাঁচিয়েছিলেন। সেভ করেছিলেন নয়টি। বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে নজরে এসেছেন সবার। এক বিশ্বকাপই তাঁকে নিয়ে এসেছে খ্যাতির চূড়ায়। মেক্সিকোর গোলকিপার গিলের্মো ওচোয়াকে নিয়ে তাই টানাটানি পড়ে গেছে ইউরোপের ক্লাবগুলোতে। লা লিগায় প্রস্তাব পেয়েছে মালাগায় খেলার, ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল ও লিভারপুল দুই দলই চাইছে ওচোয়াকে। এই মৌসুমেই চুক্তি শেষ হয়ে গেছে ফরাসি ক্লাব অ্যাজাক্সিওর সঙ্গে। গরিব এই ক্লাবের পক্ষে এখন অবশ্য তাঁকে ধরে রাখা সম্ভব নয়। কিন্তু বড় কোন দলে যাবেন, সেটা নিয়েই এখন ধন্দে পড়ে গেছেন এই মেক্সিকান। এতগুলো প্রস্তাব পেয়ে মাথা ঘুরে যাওয়ার কথা ওচোয়ার! কিন্তু তেমন কিছুই হয়নি। বরং সময় নিচ্ছেন, ভেবেচিন্তেই কোনো একটা দলে নাম লেখাবেন, ‘আমি ফ্রান্স, ইউরোপ থেকে অনেক প্রস্তাব পেয়েছি। কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। আগে সবকিছু পর্যবেক্ষণ করতে চাই এবং একটু সময় নিতে চাই।’ গোলডটকম।