
ব্রাজিলিয়ানদের ডিএনএতেই তো ফুটবল। ছন্দের তালে, আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজানো পাঁচবারের চ্যাম্পিয়ন দলটি বিশ্বকাপে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। তবে উল্টোটাও যে হতে পারে, সেটি মনে করিয়ে দিল মেক্সিকো। ঠিক শুনেছেন, মেক্সিকোই। নিজেদের দ্বিতীয় ম্যাচে পরশু প্রতিবেশী মেক্সিকো রুখে দিল ব্রাজিলকে।
র৵াঙ্কিংয়ে ২০ নম্বরে থাকা মেক্সিকো অবশ্য দীর্ঘ দেড় দশক ধরেই ব্রাজিলের কাছে রহস্য। পরিসংখ্যান বলছে, দুদলের মুখোমুখি সর্বশেষ ১৩ ম্যাচে সাতবার হেরেছে ব্রাজিল, দুবার করেছে ড্র। তবে নিজেদের মাটিতে নেইমার, অস্কাররা মেক্সিকোকে হারিয়ে দেবেন— এমনটা না ভাবার কোনো কারণ ছিল না। কিন্তু মেক্সিকোর গোলবারে যে একজন ‘ভিন্ন গ্রহের প্রহরী’ ছিলেন! একাই পণ্ড করে দিয়েছেন নেইমার-অস্কার শো। চোখধাঁধানো সব সেভ করে ম্যাচের সব আলো নিজের করে নিলেন এই গোলরক্ষক। ম্যাচটির নাম দেওয়া যায় ব্রাজিল বনাম গিলের্মো ওচোয়া।
প্রথমার্ধে বাঁ পাশ দিয়ে অস্কার-মার্সেলো মেক্সিকো রক্ষণভাগে বেশ কয়েকবার আক্রমণ শাণিয়েছেন। কিন্তু অধিনায়ক রাফায়েল মার্কেজের রক্ষণদৃঢ়তার পরিচয়ই দিয়েছে। দ্বিতীয়ার্ধের প্রথম ১৫ মিনিটে মেক্সিকোর মুহুর্মুহু আক্রমণ ভিত কাঁপিয়ে দিয়েছিল ব্রাজিল রক্ষণের। কিন্তু শেষ পর্যন্ত কোনো দলই গোলের দেখা পেল না। স্কলারি হয়তো ওচোয়ার দুর্দান্ত পারফরম্যান্সকে ড্রয়ের জন্য দায়ী করবেন। তবে ব্রাজিল মানের পারফরম্যান্স না হওয়ার ব্যবচ্ছেদ করলে কিন্তু বেশ কিছু ব্যাপারেই চোখে পড়বে।
ফোর্তালেজায় মেক্সিকোর রক্ষণদুর্গের সামনে বড় পরীক্ষাই দিতে হয়েছে ব্রাজিলকে। প্রশ্ন উঠেছে ফ্রেডের সামর্থ্য নিয়েই। প্রথম ২০ মিনিটে চারবার অফসাইডের ফাঁদে পড়লেন। খুঁজে পাওয়া গেল না গোলমুখে সেই স্পৃহা। কিন্তু স্কলারির কাছে ফ্রেডের বিকল্প কই? সাবেক ম্যানসিটি স্ট্রাইকার জো তো ফ্রেডের চেয়েও খারাপ! রামিরেস ভুল পাস দিয়েছেন, বল ট্যাকলেও ঠিক সুবিধা করে উঠতে পারেননি। ব্যতিক্রম ছিলেন শুধু নেইমার, থিয়াগো সিলভা আর অস্কার। এমন নয় যে এই এক ড্রতেই সেলেসাওদের বিশ্বকাপ স্বপ্ন ধূসর হয়ে গেছে। নিজেদের মাটিতে এখনো ৩৮ ম্যাচ ধরে অপরাজিত ব্রাজিল। তবে দলটা ব্রাজিল বলেই প্রশ্ন উঠছে!
প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় পেলেও তা সমর্থকদের মন ভরাতে পারেনি। প্রথম ম্যাচ, তাই ছন্দ খুঁজে না পাওয়াতেও উদ্বেগের কারণ ঘটেনি। কিন্তু মেক্সিকোর বিপক্ষে ম্যাচের পর উত্তরের চেয়ে প্রশ্নই যেন থাকল বেশি। এই ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের অভিযান সফল হবে? তথ্যসূত্র: এএফপি ও গোলটডকম৷