ওজনিয়াকিকে আবার থামালেন জর্জেস
জুলিয়া জর্জেসের প্রিয় ‘শিকার’ই হয়তো হয়ে উঠছেন ক্যারোলিন ওজনিয়াকি। দেড় সপ্তাহের মধ্যে দুবার সামনে পেলেন ড্যানিশ তারকাকে, দুবারই জিতলেন জার্মানির উঠতি তারকা জুলিয়া জর্জেস। প্রথমবার স্টুটগার্ট ওপেনে, কাল দ্বিতীয়বার মাদ্রিদ মাস্টার্সের তৃতীয় রাউন্ডে। ২ ঘণ্টার ম্যাচে ২৯ সপ্তাহ ধরে র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ওজনিয়াকিকে ৬-৪, ১-৬ ও ৬-৩ গেমে হারিয়েছেন বিশ্ব র্যাঙ্কিয়ের ২৭ নম্বর জর্জেস। এই দুই ঘণ্টার মধ্যে কোর্টের বাইরে গিয়ে খানিক শুশ্রূষাও নিতে হয় জর্জেসকে। পরের রাউন্ডে জার্মান তরুণী খেলবেন রাশিয়ার আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভার বিপক্ষে। পাভলিউচেঙ্কোভা তৃতীয় রাউন্ডে হারিয়েছেন গত ফেঞ্চ ওপেনের ফাইনালিস্ট অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসুরকে। জিতেছেন চীনের লি না ও বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা।এদিকে রাফায়েল নাদাল চতুর্থ রাউন্ডে উঠেছেন আর্জেন্টিনার হুয়ান দেল পোত্রোর বিপক্ষে ওয়াকওভার পেয়ে। চোটের কারণে অবসর নিয়েছেন পোত্রো।