ওজনিয়াকিকে হেনিনের খোঁটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লাসের এক নম্বর রোলধারীর ওপর ঈর্ষা হতেই পারে। তার ওপর ঈর্ষাকারীর রোল যদি হয় ১৩। তবে মেয়েদের টেনিসের সাবেক এক নম্বর তারকা যে বর্তমান এক নম্বরকে খোঁচা দিয়েছেন, এর পেছনে যুক্তিও আছে। ক্যারোলিন ওজনিয়াকি যে এখন পর্যন্ত কোনো গ্র্যান্ড স্লাম শিরোপাই জেতেননি।সাতবারের গ্র্যান্ড স্লামজয়ী জাস্টিন হেনিনের খোঁটা দেওয়াও সাজে। র্যাঙ্কিংয়ে ১৩ নম্বর বলছেন, এক নম্বরে ওঠার চেয়ে গ্র্যান্ড স্লাম জেতা অনেক ভালো, ‘এই বিষয়টি নিয়ে আমি অনেক ভেবেছি, যদি কোনো কিছু নিয়ে আমি স্মৃতি রোমন্থন করি, তা হলে অবশ্যই একসময় বিশ্বের এক নম্বর ছিলাম, এটা নিয়ে ভাবব না। বরং ভাবব, আমি যেসব গ্র্যান্ড স্লাম শিরোপা জিতেছিলাম, সেগুলো নিয়েই।’মৃদুভাষী হেনিনের হঠাৎ করে ওজনিয়াকি নিয়ে পড়ার কারণ কী? একটা কারণ হয়তো, এই দুজনই দুজনের শিরোপা-স্বপ্নে অন্যতম বাধা। কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে পারেন সাবেক আর বর্তমান নাম্বার ওয়ান। অবশ্য শুধু হেনিনই নন, আরও অনেকেই গ্র্যান্ড স্লামশূন্য ওজনিয়াকিকে খোঁটা দিয়েছেন। এই ডেনিশ তারকারও জবাব তৈরি, ‘এমন তো নয়, আমি খারাপ খেলে কিংবা অগুরুত্বপূর্ণ টুর্নামেন্টগুলো জিতে এক নম্বর হয়েছি।’ এএফপি।