ওজনিয়াকির হাতে শারাপোভার বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেরেনা উইলিয়ামস নেই বলেই ইউএস ওপেনে শীর্ষ বাছাই হয়ে গেছেন ক্যারোলিন ওজনিয়াকি। কোনো গ্র্যান্ড স্লাম না জিতেই ওজনিয়াকির শীর্ষ বাছাই হিসেবে কোর্টে নামাটাকে অনেকেই বাঁকা চোখে দেখেছিলেন। নিন্দুকদের ভ্রু কুঁচকানোর আরেকটি কারণও ছিল। র‌্যাঙ্কিংয়ের ২ নম্বরে থাকলেও ইউএস ওপেনের আগে সেরেনা, ভেনাস, ক্লাইস্টার্স, হেনিন, শারাপোভাদের বিপক্ষে ওজনিয়াকি জেতেননি কখনো!এই না-জেতার গল্পের একটা অংশ পরশু মুছে দিলেন ওজনিয়াকি চতুর্থ রাউন্ডে ২০০৬ ইউএস ওপেন চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভাকে হারিয়ে। সরাসরি ৬-৩, ৬-৪ গেমের জয়ে শুধু আগের দুই হারের প্রতিশোধই নেননি, পৌঁছে গেছেন কোয়ার্টার ফাইনালেও।গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের সঙ্গে অঘটনের খুব সখ্য। আর এ জন্যই শারাপোভার মতো তাঁর স্বদেশি সভেতলানা কুজনেতসোভাকেও বিদায় নিতে হলো চতুর্থ রাউন্ড থেকে। ইউএস ওপেনের সাবেক এই চ্যাম্পিয়নকে বিদায় করে প্রথমবারের মতো ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন স্লোভাকিয়ার ডমিনিকা চিবুলকোভা। র‌্যাঙ্কিংয়ে ৪৫তম চিবুলকোভা জিতেছেন ৭-৫, ৭-৬ (৭-৪) গেমে। এই চিবুলকোভাই শেষ আটে ওজনিয়াকির প্রতিপক্ষ।এদিকে বিস্ময়যাত্রা অব্যাহতই রেখেছেন কাইয়া কানেপি। আগের রাউন্ডে ইয়েলেনা জাঙ্কোভিচকে হারিয়ে ছুঁয়েছিলেন ইউএস ওপেনে নিজের আগের সেরা সাফল্য। সোমবার গত বছরের সেমিফাইনালিস্ট ইউনিনা উইকমেয়ারকে ০-৬, ৭-৬ (৭-২), ৬-১ গেমে হারিয়ে এই এস্তোনিয়ানও প্রথমবারের মতো পা রেখেছেন ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে, যেখানে তাঁর প্রতিপক্ষ রাশিয়ার ভেরা জভোনারেভা। আন্দ্রিয়া পেতকোভিচের বিপক্ষে যিনি পেয়েছেন ৬-১, ৬-২ গেমের সহজ জয়।পুরুষ বিভাগে রজার ফেদেরার আরেক ধাপ এগিয়েছেন ইউএস ওপেনে ষষ্ঠ শিরোপা এবং টানা সপ্তম ফাইনালের পথে। জার্মানির ইয়ুর্গেন মেলজারকে ৬-৩, ৭-৬ (৭-৪), ৬-৩ গেমে হারিয়ে উঠে গেছেন কোয়ার্টার ফাইনালে। ১৬টি গ্র্যান্ড স্লামজয়ী ফেদেরারের এটা টানা ২৬তম গ্র্যান্ড স্লাম কোয়ার্টার ফাইনাল। সর্বশেষ কোনো গ্র্যান্ড স্লামের শেষ আটে উঠতে ব্যর্থ হয়েছিলেন সেই ২০০৪ সালে, এই ইউএস ওপেনেই।অনুমিতভাবেই কোয়ার্টার ফাইনালে ফেদেরারের প্রতিপক্ষ রবিন সোদারলিং। চতুর্থ রাউন্ডে স্পেনের আলবার্ট মোন্তানেসের কাছে প্রথম সেটে হেরেও শেষ পর্যন্ত সোদারলিং জিতেছেন ৪-৬, ৬-৩, ৬-২, ৬-৩ গেমে। এই সোদারলিংয়ের কাছে হেরেই এ বছর ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে হেরেছিলেন ফেদেরার। প্রতিশোধ নেওয়ার সুযোগটি তাই দ্রুতই পেয়ে গেলেন সুইস গ্রেট।ফেদেরার-সোদারলিংকে অনুসরণ করে কোয়ার্টার ফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচ ও গায়েল মনফিলসও। জোকোভিচ ৬-৩, ৬-৪, ৬-১ গেমে যুক্তরাষ্ট্রের মার্ডি ফিশকে এবং মনফিলস ৬-৪, ৭-৫, ৭-৫ গেমে হারিয়েছেন রিচার্ড গাসকুয়েটকে। ফ্রান্সের মনফিলসেরও এই প্রথম ইউএস ওপেনের শেষ আটে পা রাখা। এএফপি।