ওজিল কেন রিয়াল ছাড়লেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওজিল
ওজিল

গ্যারেথ বেলকে স্বাগত জানানোর দিন সান্তিয়াগো বার্নাব্যুর সামনে রিয়াল-সমর্থকদের ভিড়। হাতে প্ল্যাকার্ড, তাতে লেখা, ‘দয়া করে ওজিলকে ছেড়ে দিয়ো না।’ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে উদ্দেশ করে সমর্থকদের এই আকুতিতে সাড়া মেলেনি। গ্যারেথ বেলকে লস ব্ল্যাঙ্কোসদের শিবিরে স্বাগত জানানোর ঠিক পরপরই খবর এল, রিয়াল ছেড়ে আর্সেনালে যাওয়া নিশ্চিত হয়ে গেছে জার্মান মিডফিল্ডার মেসুত ওজিলের। ব্যাপারটি রিয়াল মাদ্রিদ-সমর্থকদের জন্য আঘাত হয়ে এসেছে, এতে কোনো সন্দেহ নেই।
রিয়াল ওজিলকে ছেড়ে দেওয়ায় অবাক হয়েছেন সাবেক কোচ হোসে মরিনহোও। তিনি ওজিলকে বিশ্বের অন্যতম সেরা ‘১০ নম্বর’ উল্লেখ করে বলেছেন, ‘ওজিলের মতো খেলোয়াড়ের সঙ্গে কারও তুলনা হয় না। তাঁকে রিয়াল কেন ছেড়ে দিল, বুঝতে পারছি না।’ দুই বছর আগে রিয়ালের কোচ হিসেবে যোগ দিয়ে মরিনহো ‘নতুন রিয়াল মাদ্রিদ’ গড়ে তোলার ঘোষণা দিয়েছিলেন। ওজিল ছিলেন সেই পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ।
রিয়াল হঠাত্ ওজিলকে ছেড়ে দিল কেন? খুব সম্ভবত গ্যারেথ বেলকে আমদানি করার ধাক্কা সামলাতেই ওজিলের ঔজ্জ্বল্যকে বিক্রি করেছে রিয়াল। গঞ্জালো হিগুয়েইন, রাউল আবিওল ও হোসে কায়েহনকে বিক্রি করে প্রায় ৬০ মিলিয়ন ইউরো পেয়েছিল রিয়াল। তবে ইলারামেন্দিকে ৩৮ মিলিয়ন, ইসকোকে ৩০ মিলিয়ন ও দানি কারভাহালকে সাড়ে ছয় মিলিয়ন ইউরোয় কেনার পর টাকার দরকার পড়তেই পারে। কিন্তু তাই বলে বিশ্বের সবচেয়ে ধনী ক্লাব রিয়ালকে সেই টাকা জোগাড় করতে হবে ওজিলকে বিক্রি করে!

রিয়াল ছেড়ে দিতে চেয়েছিল অ্যাঙ্গেল ডি মারিয়াকেও। ডি মারিয়ার বিনিময়ে টটেনহাম থেকে বেলকে নিয়ে আসার কথাবার্তাও এগিয়েছিল অনেক দূর। তবে আর্জেন্টাইন উইঙ্গার মৌসুম শুরু হওয়ার আগ দিয়ে রীতিমতো লড়েই মন জয় করে নেন কোচ কার্লো আনচেলত্তির। রিয়ালের ইতালীয় কোচের মন ভেজাতে না পারাও নাকি ওজিলকে ছেড়ে দেওয়ার অন্যতম কারণ; হয়তো মূল কারণই।

মৌসুমের প্রথম ম্যাচে রিয়াল বেতিসের বিপক্ষে মাঠে নেমেছিলেন ওজিল। দলে সদ্যই যোগ দেওয়া ইসকোর সঙ্গে জুটি বেঁধে সেদিন মাঠে ছিলেন ওজিল। ওই দিন চারজনের সমন্বয়ে গড়া রিয়ালের মধ্যমাঠে ছিলেন লুকা মডরিচ আর সামি খেদিরাও। বেতিসকে ওই ম্যাচে ২-১ গোলে হারালেও রিয়ালের জয়টা ছিল যথেষ্ট ঘাম ঝরানো। ম্যাচ শেষে আনচেলত্তিও বুঝতে পারেন, তাঁর দলে অ্যাটাকিং মিডফিল্ডারের চেয়ে বেশি প্রয়োজন এমন একজন মাঝমাঠ সেনানি, যে কিনা রক্ষণের কাজটাও ভালো পারে।

ইসকোই এখন আনচেলত্তির রক্ষণাত্মক মাঝমাঠ ধারণার মূল সৈনিক। এই মৌসুমে প্রতিটি ম্যাচেই ইসকো নিজেকে প্রমাণ করেছেন। ওজিলের ওপর আনচেলত্তি রুষ্ট মূলত তাঁর ‘নরম-সরম’ আচরণের জন্য। জার্মান এই তারকা নাকি অনুশীলনে আনচেলত্তিকে খুশি করতে পারেননি প্রথম থেকেই। লা লিগার দ্বিতীয় ম্যাচে গ্রানাডার বিপক্ষে ওজিলের খেলা দেখে নাকি খুবই বিরক্ত ছিলেন আনচেলত্তি। খেলার একটা পর্যায়ে ওজিলকে তুলে নিলে ওজিল যে প্রতিক্রিয়া দেখান, তাতে কোচ আনচেলত্তি তাঁর সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই ফেলেন।

রিয়াল তৃতীয় ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ওজিলকে ছাড়া দুর্দান্ত ফুটবল খেলে। এরপর আর রিয়ালে তাঁর থাকার কোনো কারণ খুঁজে পায়নি ক্লাব কর্তৃপক্ষ। সেদিন সন্ধ্যাতেই ওজিলের বিষয়ে আর্সেনালের সঙ্গে কথাবার্তা পাকা হয়ে যায় রিয়াল মাদ্রিদের।

বেল ও ইসকো দলে আসায় ওজিলের অপাঙক্তেয় হয়ে পড়াটাই যেন ছিল বিধিলিপি। কোচের কৌশলই যে ওজিলকে ছেড়ে দেওয়ার মূল কারণ, এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই। আনচেলত্তির স্ট্র্যাটেজিতে ডি মারিয়াও ওজিলের চেয়ে ভালো বিকল্প হিসেবেই অভিহিত। তাই ওজিলের আর্সেনাল গমন তাই জার্মান তারকার জন্য এক ধরনের আশীর্বাদই বলতে হবে। নয়তো, দর্শকপ্রিয় সুদর্শন এই তারকাকেও কাকার ভাগ্য বরণ করতে হতো, সেটা কি ওজিলের জন্য খুব ভালো হতো! সূত্র: গোল ডটকম।