ওজিলই শেষ নয় আর্সেনালের!
খেলোয়াড়দের বেতন বেড়েছে, কমেছে খেলোয়াড় বিক্রি করে পাওয়া আয়। তার পরও আগের মৌসুমের তুলনায় সদ্য শেষ হওয়া মৌসুমে আয় বেড়েছে আর্সেনালের। ক্লাবের কর্তাব্যক্তিরা তো দারুণ খুশি। এতটাই যে, সামনের দলবদলে কোচ আর্সেন ওয়েঙ্গারকে খরচ করার জন্য আরও বেশি অর্থ দিতে আপত্তি নেই তাঁদের।
আর্থিকভাবে আর্সেনালকে চাঙা করার পেছনে একটা বড় ভূমিকা এমিরেটস এয়ারলাইনসের সঙ্গে নতুন স্পনসরশিপ চুক্তি। ফলে কিছুদিন আগে ক্লাব রেকর্ড ৬৮ মিলিয়ন ইউরোয় আর্সেনাল কিনে নিয়েছে জার্মান প্লে-মেকার মেসুত ওজিলকে। তবে ক্লাবের চেয়ারম্যান চিপস কেসউইক জানিয়েছেন এখানেই শেষ নয়, সামনে আরও বড় বড় তারকা কেনার চেষ্টা করবে গানাররা, ‘ওজিলের চুক্তির মাধ্যমে আমরা একটা গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিয়েছি সবার কাছে। ওয়েঙ্গার আবারও যখন বড় লগ্নি করতে চাইবে, আমরা তাকে সহযোগিতা করতে প্রস্তুত।’ তবে তারকা ফুটবলারদের কেনার পাশাপাশি সম্ভাবনাময় তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়ার ও পরিচর্যার নীতিতেও আর্সেনাল অটল থাকবে বলেও জানিয়েছেন কেসউইক, ‘তরুণ খেলোয়াড়দের সঙ্গে চুক্তি নবায়নই প্রমাণ করে আমরা ওদের ব্যাপারে কতটা মনোযোগী। ওদের পরিচর্যা করার নীতিতে আমরা অটল থাকব।’ এএফপি।