ওজিলকে এখনো চায় জার্মানি
মিডফিল্ডার মেসুত ওজিলকে ধরা হয় বিনোদনদায়ী আধুনিক জার্মান ফুটবলের প্রতীক৷ তবে কোথায় যেন সুরটা কেটে গেছে ওজিলের। আগের মতো খেলায় সেই ধার নেই। নেই সেই আগ্রাসী মনোভাব। সৃজনশীলতা কোথায় যেন হারিয়ে গেছে। অচেনা ঠেকছে ওজিলকে। তবে জার্মানির কোচ জোয়াকিম লো তাঁর ওপর থেকে আস্থা হারাননি। তাঁকে দলে রেখেছেন৷ অনেক সমালোচনা সত্ত্বেও আজ পর্তুগালের বিপক্ষে তাঁকে একাদশেও হয়তো রাখবেন৷ সে ক্ষেত্রে সেন্ট্রাল মিডফিল্ডে টনি ক্রুসকে মাঝমাঠে রেখে ওজিলকে খেলাতে পারেন আক্রমণভাগে।
ভালোই ছিলেন রিয়াল মাদ্রিদের সংসারে। টানা তিন মৌসুম রোনালদো-বেনজেমাদের গোল বানিয়ে দিতে নিজেকে নিংড়ে দিয়েছেন। তবু ক্লাব কর্তৃপক্ষ ইনিয়ে-বিনিয়ে বুঝিয়ে দিল, ওজিল দলে ‘অটোমেটিক চয়েস’ নন। ওজিল চলে এলেন আর্সেনালে। শুরুটা অসাধারণ হলেও ধীরে ধীরে ম্রিয়মাণ হতে লাগল পারফরম্যান্স৷ মাঠের বাইরের ওজিল খোরাক জোগালেন মুখরোচক আলোচনার। সাবেক জার্মানি অধিনায়ক মাইকেল বালাক সেদিন বললেন, ‘ওজিলের রিয়াল মাদ্রিদ ছাড়া উচিত হয়নি। শরীরী ভাষা দেখেই বোঝা যাচ্ছে, আর্সেনালে সে খাপ খাওয়াতে পারছে না।’ নতুন নতুন বান্ধবী, নৈশজীবন তাঁকে নাকি বেসামাল করে দিয়েছে।
তবে লুকাস পোডলস্কির সমর্থন পাচ্ছেন ওজিল৷ আর্সেনালে একই সঙ্গে খেলছেন দুই জার্মান সতীর্থ৷ খুব কাছ থেকে দেখেছেন বলেই কিনা পোডলস্কির ভাবনাটা অন্যরকম, ‘মেসুত অসাধারণ এক প্রতিভা। দেশের জার্সি গায়ে সে আমাদের আরও অনেক দারুণ মুহূর্ত উপহার দেবে।’ সংবাদমাধ্যমকে পোডলস্কির পরামর্শ, ‘আপনারা লেখনী দিয়ে তাকে থামাবেন না। ওকে ওর খেলাটা খেলতে দিন। ও ওর মতোই।’ ওজিলের সাবেক কোচ হোসে মরিনহো একবার বলেছিলেন, ‘ওজিল একদমই আলাদা। এ রকম আর কেউ নেই। এমনকি ধারে-কাছেও নেই কেউ।’ হয়তো রিয়াল মাদ্রিদে কোচ হিসেবে ছাত্রকে নিয়ে খানিকটা অতিশয়োক্তি করেছেন। তবে সন্দেহ নেই, বিশ্বকাপজুড়ে জার্মানরা ওজিলের দিকে তাকিয়ে থাকবেন। সেই ওজিল—সৃষ্টিশীল, ক্ষুরধার এক মিডফিল্ডার।