ওজিলেই আশাবাদ ওয়েঙ্গারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্সেনাল-নাপোলির ম্যাচ ঘিরে উত্তপ্ত এখন এমিরেটস স্টেডিয়াম। মেসুত ওজিল বনাম লরেঞ্জো ইনসাইন কিংবা অ্যারন র‌্যামসে বনাম গঞ্জালো হিগুয়েইন। তারকার দ্যুতিতেও উজ্জ্বল চ্যাম্পিয়নস লিগের আজকের এই ম্যাচ। মাঠের বাইরে ডাগ আউটে রাফায়েল বেনিতেজের সঙ্গে আর্সেন ওয়েঙ্গারের যুদ্ধটাও ফুটবলপ্রেমীদের কাছে কম আকর্ষণীয় নয়।

নাপোলির বিপক্ষে আজকের ম্যাচ নিয়ে দারুণ উদ্বুদ্ধ আর্সেনাল-শিবির। যে করেই হোক ঘরের মাঠে আজ জয় পেতে মরিয়া ওয়েঙ্গার। নাপোলির বিপক্ষে সাফল্য পেতে কিছু দিন আগের একটি প্রাক-মৌসুম ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগাতে চান আর্সেনাল কোচ। ওই ম্যাচে ২-২ গোলে ড্র করেছিল দুই দল। সেই ম্যাচের অভিজ্ঞতা থেকে ওয়েঙ্গার মনে করেন, নাপোলির প্রতি-আক্রমণের ব্যাপারটি খুব ধারালো। ওদের প্রতি-আক্রমণ রুখতে না পারলে সমস্যায় পড়তে হতে পারে।

আজকের ম্যাচে ওয়েঙ্গারের প্রধান অস্ত্র রিয়াল থেকে আসা মেসুত ওজিল। বলেছেন, ‘ওজিলের দক্ষতা সম্পর্কে সবার ধারণা খুবই কম। আমার বিশ্বাস, আজকের ম্যাচকে সে তার দক্ষতা প্রমাণের মঞ্চ হিসেবে ব্যবহার করবে।’

লন্ডনে পা রেখেই যেন কিছুটা গম্ভীর বেনিতেজ। বারবারই তাঁর মনে পড়ছে নিজের ক্যারিয়ারের চেলসি-অধ্যায়। চেলসির অবহেলার শোধ নেওয়াটাই যেন বেনিতেজের মূল মন্ত্র, ‘চেলসি আমার সঙ্গে খুব বাজে ব্যবহার করেছে। কোনো সম্মানই আমি ওই ক্লাবটির কাছ থেকে পাইনি। আজ আর্সেনালকে হারিয়ে আমি আমার প্রতি অবহেলার প্রতিশোধ নিতে চাই। প্রমাণ করতে চাই, আমার ফুটবলবোধ একেবারে ফেলে দেওয়ার মতো নয়।’

গতকাল আর্সেনালে নিজের কোচিং জীবনের ১৭ বছর পূর্ণ করেছেন ওয়েঙ্গার। ব্যাপারটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত এই ফরাসি কোচ, ‘জানি না, কীভাবে জীবনের ১৭টা বছর উত্তর লন্ডনে কাটিয়ে দিলাম। আমি সত্যিই আনন্দিত। খুব ভালো লাগবে আজ নাপোলিকে হারাতে পারলে।’