ওজিলের অভাব টের পাচ্ছে না রিয়াল!

রিয়াল মাদ্রিদ হোঁচট খেলেই সমর্থকদের মনে হাহাকারটি বাড়ে। গুমরে ফেরে একটি নাম—মেসুত ওজিল! আর্সেনালে গিয়ে দুর্দান্ত খেলছেন বলেই নয়, রিয়ালের মাঠে ওজিলের শূন্যতা মাঝেমধ্যেই স্পষ্ট হয়ে উঠছে। অথচ কার্লো আনচেলত্তি বলছেন একেবারেই অন্যরকম কথা। রিয়াল কোচের দাবি, ওজিলের অভাব মোটেও টের পাচ্ছে না রিয়াল!
ওজিলের আর্সেনালে পাড়ি জমানোর খবরটি শুনে শুধু অসন্তুষ্টিই নয়, ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন খোদ ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়ালের মাঝমাঠে ওজিল যে ছিলেন প্রাণভোমরা। রিয়াল যেখানে মাঝেমধ্যে হোঁচট খাচ্ছে, সেখানে ওজিলে বলীয়ান আর্সেনাল এবার ছুটছে খ্যাপা ঘোড়ার মতো। প্রিমিয়ার লিগে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট তালিকার শীর্ষে। চ্যাম্পিয়নস লিগেও জিতেছে প্রথম দুটি ম্যাচেই। ওজিল এখন পর্যন্ত পাঁচ ম্যাচে মাঠে নেমে সতীর্থদের দিয়ে করিয়েছেন পাঁচটি গোল। নিজেও করেছেন একটি।
অন্যদিকে স্প্যানিশ লিগে রিয়াল নেমে গেছে চারে। ফলে আজকের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ওজিল প্রসঙ্গটি এলই। যদিও আনচেলত্তি বললেন, ‘ওজিল চলে যাওয়াতে আমার কোনো আফসোস নেই। আমি তার সৌভাগ্য কামনা করি কিন্তু আমাদের তাকে দরকার নেই। তাকে ছাড়াও আমরা আক্রমণভাগে বেশ ভালো করছি। আমরা অনেক গোল করতে পারছি। অবশ্য আমাদের খেলায় একটা ভারসাম্য আনা দরকার। কারণ, আমাদের কিছু গোলও হজম করতে হচ্ছে।’