ওজিলের চোখ দুই শিরোপায়
মেসুত ওজিলের অসাধারণ এক পাস, ক্রিস্টিয়ানো রোনালদোর নিখুঁত ফিনিশিং—বার্সেলোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের জয়সূচক গোলটায় ফুটে উঠেছে যেন গোটা মৌসুমের চিত্রটাই। মৌসুমজুড়ে এভাবেই গোলের জোগান দিয়ে গেছেন ওজিল। ৪২ গোল নিয়ে এবার লা লিগার সর্বোচ্চ গোলদাতা এখনো পর্যন্ত রোনালদো, আর সবচেয়ে বেশি গোল হয়েছে (১৬) ওজিলের পাস থেকে! এল ক্লাসিকো জয়ের পর লিগ শিরোপা এখন ঢিলছোঁড়া দূরত্বে। জার্মান মিডফিল্ডারের স্বপ্ন, লা লিগার পাশাপাশি এবার চ্যাম্পিয়নস লিগও জিতবে রিয়াল।লা লিগা শিরোপা জয়টাকে এখন শুধু সময়ের ব্যাপারই বলা যায়। কিন্তু চ্যাম্পিয়নস লিগ জয়ের পথটা অনেকটাই কণ্টকাকীর্ণ। মিউনিখে গিয়ে গত সপ্তাহে বায়ার্ন মিউনিখের কাছে সেমিফাইনালের প্রথম লেগ হেরেছে ২-১ গোলে। দ্বিতীয় লেগ আগামীকাল বার্নাব্যুতে। বায়ার্নকে ছিটকে ফাইনাল খেলা সহজ হবে না মোটেও। তবে আত্মবিশ্বাসী ওজিল, ‘এল ক্লাসিকো জিতে আমরা দারুণ খুশি, খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ম্যাচ জিতেছি। তবে বায়ার্নের বিপক্ষে গুরুত্বপূর্ণ একটি ম্যাচ আছে আমাদের, ফাইনালে যেতে হলে নিজেদের উজাড় করে দিতে হবে। এরপর লা লিগায় আরও চারটি ম্যাচ আছে। আমরা চাই, এই সব ম্যাচ জিতে এই মৌসুমে দুটো শিরোপা জিততে।’‘ডাবল’ জয়ের স্বপ্ন দেখছেন বার্সার বিপক্ষে জয়ের আরেক নায়ক স্যামি খেদিরাও। ওজিলের স্বদেশি মিডফিল্ডারের গোলেই এগিয়ে গিয়েছিল রিয়াল। খেদিরার ধারণা, এল ক্লাসিকো জয়ে বায়ার্নের বিপক্ষে আত্মবিশ্বাসী থাকবে রিয়াল, ‘বার্সার বিপক্ষে গোল করতে পারায় আমি খুশি, তবে দলের জয়টাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। পুরো দলই অসাধারণ খেলেছে এবং এটা আমাদের ধরে রাখতে হবে। বায়ার্ন মিউনিখের বিপক্ষে আমাদের ম্যাচটি আরেকটা ফাইনাল, ফাইনালে পৌঁছাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। বার্সার বিপক্ষে জয়টা আমাদের দারুণ আত্মবিশ্বাসী করে তুলেছে।’ ওয়েবসাইট।