ওজিলের পাশে সেই ক্লোসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচের আগে যে দুজন আলোচনায় ছিলেন, ম্যাচের পর তাঁরাই থাকলেন আলোর নিচে—মেসুত ওজিল ও মিরোস্লাভ ক্লোসা। বার্লিনে পরশু ইউরো ২০১২ বাছাইপর্বের ম্যাচে তুরস্কের বিপক্ষে জার্মানিকে ৩-০ গোলের জয় এনে দিয়েছেন যে তাঁরাই। ক্লোসা করেছেন জোড়া গোল, আর তুর্কি সমর্থকদের মুখ বন্ধ করে দিয়ে অন্য গোলটি করেছেন ওজিল। জার্মানির প্রতিপক্ষ তুরস্ক ছিল বলেই ওজিল বেশি আলোচনায় ছিলেন। জার্মানির এই মিডফিল্ডারের মা-বাবা তুরস্কের অভিবাসী। আর ক্লোসা তো জার্মানির যেকোনো ম্যাচের আগেই থাকেন আলোচনায়—ক্লাব দলের হয়ে তুঙ্গস্পর্শী ফর্মে তিনি কোনো দিনই থাকেন না, অথচ জার্মানির জার্সি গায়ে দিলেই যেন কীভাবে বদলে যান বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার! ক্লোসার ক্ষেত্রে এই জাদুকরি ঘটনার পুনরাবৃত্তি হলো পরশুও। এই জোড়া গোলে এবারের ইউরো বাছাইপর্বের ৩ ম্যাচে ৫ গোল হয়ে গেল ক্লোসার। অথচ বুন্দেসলিগায় এ মৌসুমে ৭টি ম্যাচ খেলে এখনো কোনো গোলই করতে পারেননি। কেন এমন হয়, এর যুক্তিগ্রাহ্য কোনো ব্যাখ্যা নেই ক্লোসার কাছেও। পুরো বিষয়টিকেই ভাগ্যের খেয়াল বলে দিলেন তিনি, ‘বায়ার্নের হয়ে কেন গোল করতে পারি না, আর জাতীয় দলের হয়ে কেনই বা গোল পাই; এটা আমি বলতে পারব না। জাতীয় দলে খেলার সময় হয়তো ভাগ্য আমার সঙ্গে থাকে বেশি। বায়ার্নে খেলার সময় তা হয় না।’ভাগ্য কিংবা নৈপুণ্য, যেটাই থাকুক; পরশুর ২ গোল জার্ড মুলারকে ছোঁয়ার পথে আরও এক ধাপ এগিয়ে দিল ক্লোসাকে। জার্মানির জার্সি গায়ে এখন ৫৭ গোল তাঁর, ১১ গোল বেশি নিয়ে তাঁর সামনে কেবল কিংবদন্তি জার্ড মুলার (৬৮)। ম্যাচের সংখ্যায় অবশ্য পরশুই আরেক কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ারকে ছাড়িয়ে গেছেন ক্লোসা। জার্মানির জার্সি গায়ে বেকেনবাওয়ার খেলেছেন ১০৩ ম্যাচ, ক্লোসার খেলা হলো ১০৪টি।ক্লোসার দ্বিতীয় গোলের আগেই অবশ্য বার্লিন স্টেডিয়ামে আসা প্রায় ৩০ হাজার তুর্কি দর্শককে চুপ করিয়ে দিয়েছেন ওজিল। ৭৯ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেছেন রিয়াল মাদ্রিদ তারকা। তাঁর গোলটি অবশ্য তুরস্ককে একটি জবাবও। ম্যাচের আগেই তাঁর তুরস্কের হয়ে না খেলে জার্মানির জার্সি গায়ে তোলা নিয়ে অনেক বক্রোক্তি করেছেন তুর্কি তারকা হামিত আল্টিনটপ। খেলার শুরু থেকে তাঁকে দুয়ো দিয়ে যাচ্ছিল তুর্কি সমর্থকেরা। কিন্তু এই গোলের পর নিস্তব্ধ হয়ে যায় গ্যালারির একাংশ। ম্যাচ শেষে এ নিয়ে কোনো কথা বলেননি ওজিল। অন্য সব কিছুর চেয়ে জার্মানির জয়টাকেই দেখিয়েছেন বড় করে, ‘আমরা জিতেছি এবং পুরো তিন পয়েন্ট পেয়েছি, এটাই বড় কথা।’ এই ম্যাচের পর ৩ ম্যাচ থেকে পুরো ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে জার্মানি। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তুরস্ক। তথ্যসূত্র: এএফপি।