ওঝা নিয়ে আসছে অ্যাটলেটিকো
রীতিটা আফ্রিকান দলগুলোর মধ্যে আছে। দলে যখন অপয়া ভূতের আছর পড়ে, ডেকে আনা হয় ওঝা। মন্ত্রটন্ত্র পড়ে ওঝা ভূত তাড়ান। অ্যাটলেটিকো মাদ্রিদকেও একটা অপয়া ভূত তাড়া করছে। নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের জয় নেই এক যুগ হয়ে গেল! সর্বশেষ জিতেছিল সেই ১৯৯৯ সালে। এখন বুঝি ওঝা দরকার। পেয়েও গেছে অ্যাটলেটিকো—গ্রেগরিও মানজানো।না, ভদ্রলোক পেশায় কোচই। তবে ওঝাও বলতে পারেন। রিয়ালের মাঠে রিয়ালকে হারানোর ব্যাপারে বিশেষ সুনাম আছে তাঁর। এই মাঠ থেকে জয় নিয়ে ফেরা বাকি দলগুলোর জন্য যে কতটা কঠিন, এই তথ্য জানা থাকলে মানজানোকে স্যালুটই করবেন। কারণ কোচ হিসেবে বার্নাব্যুর দুর্গ থেকে চার-চারটি জয় নিয়ে ফেরার কীর্তি আছে তাঁর। এর মধ্যে আছে ২০০৩ সালে মায়োর্কার হয়ে ৫-১ জয়।মানজানো পারবেন সেই দাওয়াই দিতে অ্যাটলেটিকো মাদ্রিদকে?অ্যাটলেটিকোর জন্য একটা জয় ভীষণ জরুরি। জরুরি মানজানোর জন্যও। লিগে সর্বশেষ আট ম্যাচে মাত্র দুটি জয়, পয়েন্ট টেবিলে পড়ে থাকা সেই নয়ে; চাকরিটাই সুতোর ওপর ঝুলছে। এই ম্যাচে বড় ধরনের বিপর্যয় হলে ১৯ বারের মতো নতুন ক্লাবের সন্ধানে নামতে হবে বোহেমিয়ান এই কোচকে।এই সম্ভাবনাটাই এখন বেশি। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ১২ ম্যাচজয়ী রিয়াল। গত ম্যাচেই ডায়নামো জাগরেবকে উড়িয়ে দিয়েছে ৬-২ গোলে। রিয়াল চাইবে এই জয়রথ ছুটুক। ৩ পয়েন্ট দূরত্বে কেবলই পেছনের দলটি যে বার্সেলোনা। আজ রিয়াল-অ্যাটলেটিকো ম্যাচের পরই বার্সা মুখোমুখি হবে ১৫ নম্বরে থাকা গেটাফের। তলানির দিকে থাকলে কী হবে, গেটাফে কোচ লুইস গার্সিয়া এই বলে হুংকার ছাড়ছেন, ‘আমরা আত্মবিশ্বাসী, ওদের হারাতে পারব। ওরা তো আর অপরাজেয় নয়।’ গার্সিয়া এই সাহস দেখাতেই পারেন। গত মৌসুমে লেভান্তের কোচ থাকার সময় ১-১ ড্র নিয়ে ফিরেছিলেন অদম্য বার্সার সঙ্গে।ইংলিশ প্রিমিয়ার লিগেও আজ মাঠে নামছে বড় দলগুলো। চেলসি আর ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য আজ চ্যাম্পিয়নস লিগ হতাশা ঝেড়ে ফেলার দিন। ম্যানইউ তবু ড্র করেছে, চেলসি তো হেরেই এসেছে বায়ার লেভারকুসেনের মাঠ থেকে। কোণঠাসা কোচ আন্দ্রে ভিলাস-বোয়াস। লিগে গত চার ম্যাচের তিনটাতে হারায় শিরোপা-স্বপ্নে বড় ধাক্কাই লেগেছে। মৌসুমের মাঝপথেই না আব্রামোভিচের ছুরি নেমে আসে তাঁর গর্দানে। চেলসি অবশ্য আজ ঘুরে দাঁড়ানোর জন্য পাচ্ছে সহজ প্রতিপক্ষই। অবনমন অঞ্চলের ঠিক ওপরে থাকা উলভারহ্যাম্পটনের সঙ্গে খেলা। নিউক্যাসলের সঙ্গে খেলবে ম্যানইউ, আর্সেনালের প্রতিপক্ষ ফুলহাম। এএফপি, রয়টার্স।