ওঝা হইয়া ঝাড়ো...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
না, অভিশাপ দিতে নয়, মেসি-রোনালদোদের মঙ্গল কামনায় যজ্ঞের আয়োজন করেছিলেন পেরুর ওঝারা৷ তিন দিন আগে লিমার ন্যাশনাল স্টেডিয়ামে l রয়টার্স
না, অভিশাপ দিতে নয়, মেসি-রোনালদোদের মঙ্গল কামনায় যজ্ঞের আয়োজন করেছিলেন পেরুর ওঝারা৷ তিন দিন আগে লিমার ন্যাশনাল স্টেডিয়ামে l রয়টার্স

মাথায় বিচিত্র সব পাখির পালক, গলায় রুদ্রাক্ষের মালা৷ ইট-কাঠের নগরের চেয়ে পাণ্ডববর্জিত গ্রামেই তাঁদের বেশি মানায়৷ কেউ তাঁদের ওঝা বলে, কেউ বলে গুনিন৷ লাতিন আমেরিকায় বা আফ্রিকায় ওঁদের নাম শামান৷ সেই ওঝারাই এখন গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠেছেন বিশ্বকাপ ফুটবলে ৷ কেউ প্রতিপক্ষ খেলোয়াড়কে অভিশাপ দিচ্ছেন, কেউ প্রিয় খেলোয়াড়ের শুভকামনায় আয়োজন করে ফেলেছেন যজ্ঞ-টজ্ঞের৷
প্রথম আলোচনায় আসেন নানাওয়াকু বোনসাম৷ ঘানার এই ওঝার দাবি, তাঁর ঝাড়ফুঁকের কারণেই ক্রিস্টিয়ানো রোনালদো চোটে পড়েছেন৷ বিশ্বকাপে ঘানার প্রতিপক্ষ পর্তুগাল, বোনসামের এই জাদুটোনার কারণটা বোঝাই যায়৷ লাভ অবশ্য হয়নি, শত্রুর মুখে ছাই দিয়ে শেষ পর্যন্ত সেরে উঠেছেন রোনালদো৷
পর্তুগালের কোনো ওঝা রোনালদোকে সারিয়ে তোলার দাবি করেননি৷ বাংলাদেশের এক গুনিন দাবিটা করে হইচই ফেলে দিয়েছিলেন৷ বোঝাই যাচ্ছিল, ওঁদের তন্ত্রমন্ত্রের দরকার নেই!
জাদুটোনা চলছে লিওনেল মেসির জন্য৷ তবে অনিষ্ট নয়, মঙ্গল কামনায়৷ পেরুর একদল ওঝা মেসির একটা পুতুল নিয়ে জাদুটোনা করেছেন৷ উদ্দেশ্য, অন্য কোনো অশুভ আত্মা যাতে প্রিয় খেলোয়াড়ের ওপর ভর করতে না পারে৷ পেরুর রাজধানী লিমার সেই যজ্ঞে ছিলেন আরও অনেক ওঝা৷ প্রিয় খেলোয়াড়ের শুভকামনায় সবাই-ই নানান ধরনের জপতপ করেছেন৷ সেখানে মেসির জন্য তো বটেই, রোনালদোর মঙ্গলও কামনা করা হয়েছে৷
এদিকে আমাজনের এক ওঝা হেঁটেছেন অন্য পথে৷ মারিও বালোতেল্লিকে তাঁর ভীষণ পছন্দ হয়েছে৷ কারণটা অদ্ভুত, ‘সে দেখতে অনেকটা আমাদের মতো৷ সে লিওনেল মেসির মতো সাদা নয়৷ সে জন্যই আমরা ওকে ভালোবাসি৷’ এই ওঝা অবশ্য একেবারে সাধারণ কেউ নন, ব্রাজিলিয়ান ইন্ডিয়ানদের জাতীয় সংগঠনের কর্তাব্যক্তি জারাকু৷ মজার ব্যাপার, জারাকু বলছেন, বালোতেল্লির নিজের মধ্যেই নাকি অতিপ্রাকৃতিক একটা শক্তি আছে৷ সেই শক্তির জন্যই ইংল্যান্ডকে হারিয়ে দেবে ইতালি!
মানাউসেই অবশ্য ইংল্যান্ড দলের ওপর জাদুটোনা ভর করতে পারে৷ স্থানীয় ইন্ডিয়ানদের মধ্যে অনেকেই ইতালির ভক্ত৷ ১৪ জুন বালোতেল্লিরা তাহলে ১২ জন নিয়েই মাঠে নামছেন!