ওটি গড়লেন ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবার শেষে ফিনিশিং লাইন ছুঁলেন তিনি। কিন্তু কী আশ্চর্য, বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে উপস্থিত সবাই তুমুল করতালির বৃষ্টিতে অভিনন্দিত করল! করারই কথা। ৫০ বছর বয়সেও যিনি ট্র্যাকে নামেন, তাও আবার ম্যারাথন নয়, গতির ঝড় তোলা স্প্রিন্টে; দিন শেষে তিনি প্রথম হলেন নাকি শেষ—কী আসে-যায় তাতে! ফলাফলকে বড় করে দেখেনি কেউ। হেরে গিয়েও তাই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ‘জিতলেন’ মারলিন ওটি।জ্যামাইকান স্প্রিন্টার ২০০২ সালে পাড়ি জমিয়েছেন স্লোভেনিয়ায়। এই দেশটির হয়েই পরশু অংশ নিয়েছেন ৪–১০০ মিটার রিলেতে। হিটেই বাদ পড়েছে ওটি আর তাঁর দল। কিন্তু তাঁর ইতিহাস গড়া হয়ে গেছে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া সবচেয়ে বেশি বয়সী নারী এখন তিনিই। ভেঙে গেল ফ্রান্সের নিকোলে ব্র্যাকেবাস্ক-লিভেকের এক যুগ পুরোনো রেকর্ড। ১৯৯৮ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে তিনি দৌড়েছিলেন ৪৭ বছর বয়সে।চেহারায় বয়সের ছাপ নেই। ওটির কথাবার্তা শুনেও বোঝার জো নেই বয়স ৫০ পেরিয়ে দুই মাস বেশি। আগামী বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে তো দৌড়াবেনই, অংশ নিতে চান ২০১২ লন্ডন অলিম্পিকেও! ‘এখনই শেষ দেখতে পাচ্ছি না আমি। আমার আপাতত লক্ষ্য আগামী বিশ্ব চ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই করা। অলিম্পিকে থাকব কি না, সেই প্রশ্ন না হয় বিশ্ব চ্যাম্পিয়নশিপের পরেই করবেন’—হাসিমুখে উত্তর দিলেন সাংবাদিকদের।কেমন লাগে তাঁর ট্র্যাকে দৌড়াতে, তাঁর চেয়ে অর্ধেক বয়সীদের সঙ্গে পাল্লা দিতে? ‘হ্যাঁ, দারুণ লাগে তো অবশ্যই। আমার চেয়ে বয়সে তরুণদের বিপক্ষে দৌড়ানোটা আমার জন্য একটা চ্যালেঞ্জ। এবং এই প্রতিদ্বন্দ্বিতা আমার কাছে উপভোগ্যও।’ কিন্তু কোত্থেকে পান এই লড়াইয়ের প্রেরণা! ‘আমার ধারণা, এটি আমার জিনের মধ্যেই আছে। আমি সব সময় নিজেই নিজেকে চ্যালেঞ্জ জানাই। এভাবেই আমি খুঁজে নিই অনুপ্রেরণা।’ বয়স হয়েছে বলে যে গতি ভীষণ কমে এসেছে এমনও নয়। ১০০ মিটারে নিজের ব্যক্তিগত সেরা টাইমিং ১০.৪৭ সেকেন্ড, গড়েছিলেন ১৯৯৬ সালে। এখন এক সেকেন্ডের মতো বেশি লাগে। কিন্তু ট্র্যাকে যে ফল নির্ধারিত হয় সেকেন্ডের ভগ্নাংশ সময়ে!প্রথম অলিম্পিক পদকটি তিনি জিতেছিলেন আজ থেকে ৩০ বছর আগে। ১৯৮০ মস্কো অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন ২০০ মিটার দৌড়ে। গত তিন দশকে বড় টুর্নামেন্টে জিতেছেন ৩৩টি পদক। এর মধ্যে অলিম্পিকেই জিতেছেন তিনটি রুপা, ছয়টি ব্রোঞ্জ। ২০০৪ এথেন্স অলিম্পিকে অংশ নিয়ে গড়েছেন সর্বোচ্চ ৭টি অলিম্পিকে অংশ নেওয়ার রেকর্ড।তাঁর ট্র্যাকে নামাটাই একটা খবর। কিন্তু ‘অংশগ্রহণই বড় কথা’ আপ্তবাক্য যথেষ্ট নয় তাঁর কাছে। এই যেমন পরশু কোয়ালিফাই করতে না পারার হতাশাই বেশি পোড়াল তাঁকে ইতিহাস গড়ার কীর্তির চেয়েও, ‘আমি অবশ্যই হতাশ। প্রতিপক্ষ দলগুলোর কেউ একটু ভুল করলেই আমরা টিকে যেতাম।’অপূর্ণতার এই আক্ষেপই তো চালিকাশক্তি তাঁর! রয়টার্স, ওয়েবসাইট।