ওদিকে ক্লার্ক, এদিকে অশ্বিন
ডিআরএসে মোটেই আস্থা নেই ভারতের। এই প্রযুক্তিতে ভারতের আস্থা শিগগিরই জন্মাবে, এমন সম্ভাবনা নেই বললেই চলে। ডিসিশন রিভিউ সিস্টেম নিয়ে একগুঁয়েমির কুফলটা কি কালই পেয়ে গেল দলটি? অস্ট্রেলীয় দলে কোন খেলোয়াড়টিকে দেখতে চায় না ভারতীয়রা, এ রকম জরিপ চালানো হলে নিশ্চিতই সবার ওপরে থাকবে মাইকেল ক্লার্কের নামটা। এক বছরে তিনটি ডাবল সেঞ্চুরি ও একটি ট্রিপল সেঞ্চুরি করা ব্যাটসম্যানকে কোন প্রতিপক্ষ ক্রিজে দেখতে চায়?কাল চেন্নাইতে প্রথম টেস্টের প্রথম দিনে ডিআরএস না থাকার পুরো সুবিধাটাই তুলে নিলেন অস্ট্রেলীয় অধিনায়ক। রবিচন্দ্রন অশ্বিনের বলে ব্যক্তিগত ৩৯ রানের মাথায় শর্ট লেগে চেতেশ্বর পূজারার হাতে ক্যাচ দিয়েছিলেন ক্লার্ক। আম্পায়ার কুমার ধর্মসেনা আউট দেননি। টিভি রিপ্লেই দেখাল ধর্মসেনার সিদ্ধান্তটা কত বড় ভুল ছিল। রিভিউ থাকলে নিশ্চিত আউট। উল্টো ক্লার্ক পেয়ে গেলেন ২৩তম টেস্ট সেঞ্চুরি। ১৫৩ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলা অস্ট্রেলিয়াও দিনটা শেষ করেছে মাথা উঁচু করে। দিন শেষে যে তাদের সংগ্রহ ৭ উইকেটে ৩১৬। এখনো ক্রিজে আছেন ক্লার্ক।অথচ প্রথম দিনেই ভেঙে যাওয়া চেন্নাইয়ের উইকেটে ঘরের ছেলে অশ্বিনের অফ স্পিনে নাকাল হচ্ছিল অস্ট্রেলিয়া। এড কাওয়ান ও ডেভিড ওয়ার্নারের উদ্বোধনী জুটি ৬৪ রান এনে দেওয়ার পরই অশ্বিনের হানা। কাওয়ানকে স্টাম্পিংয়ের শিকার বানিয়ে শুরু। এরপর আরও চার ব্যাটসম্যান অশ্বিনের লাইন ও ফ্লাইট মিস করে বোল্ড বা এলবিডব্লু। ক্লার্কের আউটটা হয়ে গেলে অস্ট্রেলিয়া হয়ে যেত ৬ উইকেটে ২০৬, অশ্বিন পেতেন টানা ছয় উইকেট। অশ্বিন টানা ছয়টিই পেয়েছেন, তবে ততক্ষণে অস্ট্রেলীয়রা যোগ করে ফেলেছে আরও ৯৮ রান। অভিষিক্ত অলরাউন্ডার ময়েজেস হেনরিকসকে নিয়ে ষষ্ঠ উইকেটে ১৫১ রান যোগ করেছেন রানে ব্র্যাডম্যানকে ছাড়িয়ে যাওয়া ক্লার্ক। হেনরিকস আউট হয়েছেন ৯০তম ওভারে। এর পরও খেলা হয়েছে আরও পাঁচ ওভার। ওয়েবসাইট।