ওদের কথাও ভাবছেন মুশফিক

বারান্দার রেলিংয়ে লাগানো নতুন সাদা রং কোথাও কোথাও এখনো কাঁচা। সামনের সিরামিক ইটের বিশাল দেয়ালটাকেও কাল চকচকে করে তোলার কাজ চলছিল। সাধারণত সিরিজ-টিরিজ এগিয়ে এলেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের চাকচিক্য বাড়ানো হয়। এসব কাজও হয়তো হচ্ছে সে কারণেই। সামনেই শ্রীলঙ্কা সিরিজ। পিঠাপিঠি এশিয়া কাপও।
তবে উদ্বেগের কথা, এই দুটি আসর নিয়েই এখনো অনিশ্চয়তার দোলায় বিসিবি। দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকে শুরু হওয়া দেশের সহিংস পরিস্থিতি নির্বাচনোত্তর সময়ে কোথায় গিয়ে দাঁড়ায়, সেটির ওপরই ঝুলছে এ দুই আসরে পাকিস্তান ও শ্রীলঙ্কা দলের খেলতে আসা বা না আসার ব্যাপারটা। সে জন্য ক্রিকেটকে রাজনীতির বাইরে রাখার দাবিও উঠছে। তবে বিস্ময়কর মনে হতে পারে, জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম সে দাবি জানানোর সুযোগ পেয়েও জানালেন না!
চোট কাটিয়ে কয়েক দিন ধরেই মিরপুরের ইনডোরে ব্যাটিং প্র্যাকটিস করছেন। কাল দুপুরে সে পর্ব সেরে ড্রেসিংরুমে ফেরার পথে মুশফিকের সামনে সংবাদমাধ্যমের প্রশ্ন, ‘জাতীয় দলের অধিনায়ক হিসেবে সামনের খেলাগুলোকে রাজনীতির বাইরে রাখার কোনো আহ্বান কি জানাবেন আপনি?’ চাইলে ক্রিকেটের ঝান্ডা ওপরে তুলে বড় এক বক্তৃতা দিয়ে ফেলতে পারতেন কখনো কখনো রাষ্ট্রের দূত হয়ে ওঠা ক্রিকেটারদের এই প্রতিনিধি। কিন্তু সে সুযোগ না নিয়ে মুশফিক ব্যাট ধরলেন টানা হরতাল-অবরোধে বিপন্ন দেশের খেটে খাওয়া সাধারণ মানুষদের পক্ষে।
প্রশ্নটা তুলতেই আর্দ্র কণ্ঠে মুশফিকের উত্তর, ‘শুধু ক্রিকেটের জন্যই নয়। মাঠে ক্রিকেট না খেললেও আমরা ক্রিকেটাররা বাসায় অন্তত তিন বেলা ভালোমতো ভাত খেতে পারছি। সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায়, তাদের পক্ষ হয়ে আমি আহ্বান জানাতে চাই, অন্তত তাদের কথা চিন্তা করেও যেন দেশে শান্তি ফিরে আসে। তারা যেন বাঁচতে পারে।’ সাধারণ মানুষের হাহাকারের স্পষ্ট প্রতিধ্বনি জাতীয় দলের অধিনায়কের কথায়, ‘ক্রিকেট মাঠে আমরা যদি নাও খেলি, বাসায় বসে কিন্তু মরে যাব না। কিন্তু যারা দিন আনে দিন খায় তারা অনেক খারাপ একটা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। অন্তত এই জিনিসটা চিন্তা করে হলেও সবাই যেন দেশে শান্তি ফিরিয়ে আনে।’
বাংলাদেশের ক্রিকেটের সামনে ব্যস্ত সুচি। জানুয়ারিতে শ্রীলঙ্কা সিরিজ। ফেব্রুয়ারিতে শুরু হওয়ার কথা এশিয়া কাপ। আর মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক না হলে এই তিন আসরের সামনেই ঝুলে যেতে পারে প্রশ্নবোধক চিহ্ন। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ পরিচিতি পেতে পারে ‘ক্রিকেট খেলার অযোগ্য’ দেশ হিসেবে।
বাংলাদেশের ক্রিকেটের জন্য এসব রূঢ় সত্য। তবে সাধারণ মানুষের জীবন যুদ্ধের সামনে যে ক্রিকেট কেবলই একটা খেলা মাত্র, মুশফিক যেন সেটিই মনে করিয়ে দিলেন, ‘অনেক সময় হয়তো মনে হয়, অন্য দেশগুলো খেলতে আসবে কি আসবে না...। কিন্তু আবহাওয়া বা পিচ কন্ডিশন যেমন আমাদের হাতে থাকে না, এটাও আমাদের হাতে নেই। প্রভাব তাই খুব একটা পড়ে না।’
ক্রিকেটার হিসেবে তাই রাজনীতি নিয়ে না ভেবে সামনের খেলাগুলোর জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ারই পক্ষে মুশফিকুর রহিম, ‘কীভাবে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া যায়, সেটিই কেবল আমাদের হাতে আছে। কোনো দেশ এলে তাদের সঙ্গে খেলব, না এলে বিসিএল-এনসিএল হবে, সেখানে খেলব। তবে আশা করছি, সবাই আসবে এবং সবকিছু ঠিকভাবেই শেষ হবে।’
মুশফিকের শেষ কথাটা দেশের সবারই কথা এখন।