ওদের মুখেও বাংলা!

মাত্রই শেষ হয়েছে বাংলাদেশ-চীনা তাইপের প্রি-কোয়ার্টার ফাইনাল। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করে কোর্ট ছাড়লেন খেলোয়াড়েরা। বিশ্বকাপে খেলতে আসা জাম্বিয়ার অধিনায়ক ইমানুয়েল এমওয়া ভাষাশহীদদের আত্মত্যাগের গল্পটা তো এক ফাঁকে শুনিয়েও দিলেন কাল, ‘গত মাসে বাংলাদেশকে নিয়ে তৈরি একটা প্রামাণ্যচিত্র টেলিভিশনে দেখেছিলাম। এরপর এই দেশ সম্পর্কে জানতে গুগলে যাই। সেখানে বাংলাদেশ সম্পর্কে অনেক কিছু পড়েছি। ১৯৫২ সালে বাংলা ভাষার জন্য কীভাবে প্রাণ দিতে হয়েছিল এই দেশের মানুষকে, সেই ইতিহাস জেনে অবাক হয়েছি। আরও জেনেছি, স্বাধীনতাযুদ্ধে কত মানুষ প্রাণ দিয়েছিল।’
ঢাকার বিভিন্ন দর্শনীয় স্থানে ঘোরার ইচ্ছা রয়েছে এমওয়ার। চেয়েছিলেন কাল শহীদ মিনারে যেতেও। কিন্তু প্রি-কোয়ার্টার ফাইনাল ও নিরাপত্তার কড়াকড়ি মিলিয়ে শেষ পর্যন্ত যেতে পারেননি। এরই মধ্যে টুকটাক বাংলাও শিখে ফেলেছেন তিনি। ভাঙা বাংলায় বললেন, ‘শুভ রাত্রি। বালো আছি।’
এমওয়ার মতো বাংলা ভাষার প্রেমে পড়েছেন লাটভিয়া মহিলা দলের খেলোয়াড় জেনিও। কাল মিরপুর ইনডোরে দাঁড়িয়ে ভাঙা ভাঙা বাংলায় বলছিলেন, ‘বাংলা বালোবাসি। রোলবল বালোবাসি।’
প্রতিদিন মিরপুর ভেন্যুর বিশ্বকাপের ম্যাচগুলো ইংরেজিতে ধারাভাষ্য দিচ্ছেন মনোজ কুমার যাদব। মহারাষ্ট্রের এই ধারাভাষ্যকার আন্তর্জাতিক মাতৃভাষাকে সম্মান জানিয়ে কাল বাংলাদেশের ম্যাচটিতে বাংলায় ধারাভাষ্য দিয়েছেন। ম্যাচ শেষে যাদব বলছিলেন, ‘আমি ভালো বাংলা বলতে পারি না। তবু চেষ্টা করেছি বাংলায় ধারাভাষ্য দিতে। বাংলাদেশের ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েই আজ বাংলায় কথা বলেছি। হয়তো ভুলত্রুটি হয়েছে। কিন্তু বাংলায় কথা বলতে পেরে ভীষণ ভালো লেগেছে।’