ওদের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে আনসার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী থেকে এসেছে অনীক, রাকিব, সজীব। এই কিশোরদের কারও বাবা রাজমিস্ত্রি, কারও বাবা ফলবিক্রেতা। এরা পড়াশোনা করছে। পাশাপাশি বক্সিং করছে। গত জাতীয় জুনিয়রে সোনা জিতেছে আনসার ও ভিডিপি দলের এই সদস্যরা। তারই পুরস্কার নিতে রাজশাহী থেকে এল তারা। পুরস্কার দিল আনসার।শুধু অনীকরা নয়, গত এসএ গেমস ও কমনওয়েলথ শ্যুটিংয়ের সোনাজয়ী শারমিন আক্তার (রত্না), এশিয়ান যুব অলিম্পিক খেলার সুযোগ পাওয়া আরচার সোনাজয়ী ইমদাদুল হক (মিলন), প্রেসিডেন্ট কাপ ফেন্সিংয়ে সোনাজয়ী খেলোয়াড়েরা ও মেয়েদের ক্লাব কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন আনসার দলও পুরস্কৃত হলো। খিলগাঁও আনসার সদর দপ্তর থেকে তারা ফিরে গেল খুশি মন নিয়ে।সার্ভিসেস দলগুলোর মধ্যে বিজেএমসি, বিটিএমসি, ফায়ার সার্ভিস, রেলওয়ে, কাস্টমসের মতো দলগুলো হারিয়ে গেছে অনেক আগে। আনসারই এখনো স্বপ্ন দেখায় এসব খেলোয়াড়কে। তাদের নিয়মিত হাতখরচ, ভাতা, রেশনের ব্যবস্থা করা হয়েছে। মধ্যবিত্ত এই খেলোয়াড়দের পরিবারের মুখেও তাই ফুটেছে হাসি। আনসারের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ রফিকুল ইসলাম তুলে দিয়েছেন পুরস্কারের টাকা। ক্রিকেটাররা পেয়েছেন ৬ হাজার টাকা করে। আনসারের অধিনায়ক পান্না ঘোষ এটিকেই মানছেন বড় প্রাপ্তি, ‘আমাদের কাছে এই টাকাটা অনেক কিছু। আমরা যারা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসি তাদের দিকে চেয়ে থাকে বাবা-মা। ফেডারেশন বা ক্রিকেট বোর্ডের বাইরে এই অর্থটা তাই অন্যরকম উৎসাহ যোগায় আমাদের।’ সবচেয়ে বেশি ৪২ হাজার টাকা অর্থ পুরস্কার পেয়েছেন শ্যুাটার শারমিন। তিনি বললেন, ‘সুযোগ সুবিধা, ভাতা, পকেটমানি, রেশন, পুরস্কারের প্রাইজমানি এগুলোর জন্যই হয়তো এখনও কিছু অ্যাথলেট আমাদের দেশে খুঁজে পাওয়া যাচ্ছে। না হলে অন্য খেলার খেলোয়াড়রা হয়তো হারিয়েই যেত।’ প্রায় ২৩ বছর ধরে আনসারের হয়ে খেলা ভারোত্তোলক বিদ্যুৎ কুমার বললেন, ‘আনসারের দেওয়া সুযোগ সুবিধার কারণেই আজ এতদুর এসেছি।’