ওদের স্বপ্নযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বপ্ন সব সময় সত্যি হয় না। আবার এমন কিছু স্বপ্ন হঠাৎ হাতে ধরা দেয়, যা স্বপ্নের ঘোরেও ভাবা যায় না। এমনই এক রূপকথার গল্পের চরিত্র যেন ১২ জন কিশোর-কিশোরী। যারা আজ সন্ধ্যায় চড়ে বসছে স্বপ্নের দেশ আমেরিকাগামী বিমানে!আমেরিকা! বাংলাদেশের সাধারণ মানুষ শুধু নয়, অনেক ‘অসাধারণ’ মানুষের কাছেও এই দেশটি হয়ে আছে স্বপ্নের আরেক নাম। কিন্তু রুবেল মিয়া-সাবরিনা খাতুনরা কত সহজে ঘুরে আসছে আমেরিকা!এটি আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের শিক্ষা ও সংস্কৃতি সেলের যুব কর্মসূচির অধীনে। ঢাকার আমেরিকান দূতাবাসের তত্ত্বাবধানে বাংলাদেশের অনূর্ধ্ব-১৬ বছরের ৬ জন করে ছেলে ও মেয়ে ফুটবলারকে নেওয়া হয়েছে ১৩-২৩ এপ্রিলের এই সফরে।কয়েক দিন আগে সিটিসেলের পৃষ্ঠপোষণায় সিঙ্গাপুরে ছিন্নমূল কিশোরদের এক ফুটবল উৎসবে নেওয়া হয়েছে বাংলাদেশের ১০-১২ বছরের ৮ কিশোরকে। এই সফরে বাংলাদেশের ছেলেমেয়েরা ওয়াশিংটনে নানা অনুষ্ঠানে হাজির হওয়ার দুর্লভ সুযোগ পাবে। স্কুল পরিদর্শন, ফুটবল নিয়ে ওয়ার্কশপ, আমেরিকার রাজধানীর ঐতিহাসিক স্থানগুলো দেখাসহ আরও কত কি!সুযোগ পাওয়া খেলোয়াড়েরা নিজেদের ‘ভাগ্যবান’ ভাবছে। কাল বাফুফে ভবনে সংবাদ সম্মেলন সবাই এল স্যুট পরে। সবার চোখে-মুখে অনির্বচনীয় এক আনন্দ।সোহেল রানা, তপু বর্মণ, মাসুদ রানা, ওমর ফারুক, ইউসুফ সিফাত, রুবেল মিয়া, সাবরিনা খাতুন, খালেদা খাতুন, শারমিন আক্তার, আঞ্জুমান খন্দকার, জেনি চাকমা, বেলি খাতুনরা কী বলবে ভাষাই খুঁজে পাচ্ছিল না। সবাই প্রথমে একটা কথাই বলল, ‘খুব ভালো লাগছে। কখনো ভাবিনি এমন সুযোগ পাব!’ গত স্কুল ফুটবলে ৪ ম্যাচে ১৪ গোল করা রুবেল বলল, ‘হঠাৎ মনে হয় আকাশের চাঁদ হাতে পেলাম।’ এই খেলোয়াড়দের নির্বাচিত করেছে বাফুফের ডেভেলপমেন্ট কমিটি। কমিটির প্রধান কাজী নাবিল আহমেদ ও বাফুফের মহিলা কমিটির চেয়ারম্যান সিরাজুল ইসলামের (বাচ্চু) বাড়ি যশোরে। সংবাদ সম্মেলনে তাঁরা নিজেরাই এই তথ্য জানিয়ে হেসে বললেন, যশোরে নিয়মিত মেয়েদের ফুটবল হয় এবং এই মেয়েরা যোগ্যতাবলেই নির্বাচিত হয়েছে। কাজী নাবিলের কথা, ‘বয়স এবং পারফরম্যান্স দেখে এদের বাছাই করা হয়েছে। স্বজনপ্রীতি করা হয়নি।’বাফুফের সদস্য সত্যজিত্ দাস (রুপু) এবং মাহফুজা আক্তার (কিরণ) যাচ্ছেন দুটি দলের আলাদা দলনেতা হয়ে।