ওদের হালকাভাবে নিচ্ছি না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লম্বা ছুটি কাটালাম। বাংলাদেশের সঙ্গে ম্যাচের পর থেকেই বিশ্রামে। ভালোই হলো। ঢাকায় সাকিবদের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর আমাদের আত্মবিশ্বাস তুঙ্গে। ঘরের মাঠে কারও বিপক্ষে খেলাই সহজ নয়। তা ছাড়া বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ, ওই ম্যাচ ঘিরে ওদের আবেগও ছিল উথলে পড়া। কিন্তু আমাদের ক্রিকেটটাও ছিল দারুণ।আমার মনে হয়, সাকিবরা সেদিন প্রচণ্ড চাপে ছিল বলে শুরুতেই উইকেট হারিয়ে ফেলে। তবে কেমার রোচ একটা আগুন ঝরানো স্পেল করল তাতেই ওরা গুটিয়ে গেল ৬০ রানের নিচে। এই ছোট লক্ষ্যটা ছুঁয়ে ফেলা নিয়েই ছিল প্রশ্ন। আমরা সহজেই কাজটা করে ফেলি।বিশ্বকাপে সর্বশেষ দুটি ম্যাচেই আমরা ভালো করেছি। এই ধারাবাহিকতা টুর্নামেন্টজুড়েই ধরে রাখতে চাই। আজ আমাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। বিশ্বকাপে তাদের পারফরম্যান্স নজরকাড়া। সামনের সারির দলগুলোর মতোই তারা খেলে চলেছে। নিজেদের সামর্থ্য দিয়ে প্রমাণ করেছে, পুঁচকেদের সারিতে আর তারা নয়।ইংল্যান্ডকে হারিয়েছে আয়ারল্যান্ড। ভালো করেছে ভারতের বিপক্ষেও। কোয়ার্টার ফাইনালে যেতে আইরিশদের সামনে ভালো সুযোগ এসেছে। এটা ভুলে গেলে চলবে না যে গত বিশ্বকাপেও তারা ভালো করেছিল।একেবারে সহজেই জয় কুড়িয়ে নেব এমন প্রত্যাশা মোটেও করছি না। হালকাভাবে নিচ্ছি না আইরিশদের। আমরা জানি, অপ্রত্যাশিত কিছু ঘটতেই পারে। বিশেষ করে, ইংল্যান্ডের কাছে দক্ষিণ আফ্রিকার হার এবং আয়ারল্যান্ডের কাছে ইংল্যান্ডের পরাজয়ে ‘বি’ গ্রুপটা অনেকটাই উন্মুক্ত হয়ে পড়েছে এবং কোয়ার্টার ফাইনালে জায়গা পাওয়ার জন্য আইরিশরা সর্বস্ব দিয়ে জয় ছিনিয়ে নিতে চাইবে।দ্বিতীয় পর্বের টিকিট যেহেতু আমরা এখনো নিশ্চিত করতে পারিনি, তাই এই ম্যাচটি গুরুত্বপূর্ণ। ভুলে গেলে চলবে না, ক্রিকেটে যেকোনো কিছুই ঘটতে পারে। তবে ক্যারিবিয়ানরাও শেষ না দেখে ছাড়ে না। আমরা এই মুহূর্তে জয় ছাড়া কিছুই ভাবছি না। মাঠে আমরা ক্রিকেটের নিয়ম মেনে স্বাভাবিক খেলাটাই খেলব।আইপিএলের সুবাদে মোহালিতে খেলার সুযোগ হয়েছে। তাই এখানকার উইকেট সম্পর্কে আমার ভালোই জানা। এটা আজ কাজে দেবে বলেই আমার বিশ্বাস। বাউন্সি উইকেট, ফাস্ট বোলারদের সুবিধা আছে এখানে। আমাদের জন্য ভালোই হলো।ভারত থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে আবার ভারত, এই যে ভ্রমণ আর আবহাওয়াগত পার্থক্য তাতে কিছু সমস্যা তো হয়-ই। তবে এটাও ঠিক, ম্যাচের আগে ভালোই সময় পেয়েছি। ফলে নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে খুব একটা সমস্যা হচ্ছে না।