এ লেখাটি লিখতে আমাকে দুই দিন সময় দেওয়া হয়। অতএব বিপদে পড়তে হয় অনেক ঘটনা জমে যাওয়ায়। কোনটা ছেড়ে কোনটাকে প্রধান করা উচিত, তা নিয়ে মহা বিপত্তিতে পড়তে হয়। গত দুই দিনে যেমন ঘটে গেছে আগামী কোয়ার্টার ফাইনালকে দারুণ উপভোগ্য করার ব্যাপারটি। আর্জেন্টিনা, ব্রাজিল আর ডাচ্রা বড় জয় দিয়ে ওপরে উঠল। তার মানেই কোয়ার্টার ফাইনালটা জমে ওঠার ইঙ্গিত।তো, রোববার আর্জেন্টিনা ও জার্মানির ভক্তদের খুব দারুণ দিন গেল। সীমাহীন আনন্দের দিনও বলা যায়। আরাধ্য ফলাফল তারা পেয়েছে। দুটি দল খুব সহজেই কোয়ার্টার ফাইনালে উঠে গেছে প্রতিপক্ষদের লজ্জায় ফেলে।খেলা দুটি দেখার জন্য সারা দিন সবার অধীর অপেক্ষায় কেটেছে। তবে সময় কাটানোর আগের দিনের ওই অতগুলো ঘটনা মোটেও বোরিং হতে পারেনি টিভি-দর্শকদের ক্ষেত্রে। দিনভর মুখরোচক খানাদানার সঙ্গে ছিল টিভিতে চোখ রাখার নানা উপাদান। চলতি সিরিয়াল নাটক, সিনেমা আর আলোচনার অনুষ্ঠানাদির সঙ্গে যোগ হয়েছিল বাড়তি কিছু দিকও। অর্থাৎ অন্তত দুই রকমের ‘হাইলাইটস’। একটি হলো, আগের দিনের খেলাগুলোর আর অন্যটি হলো আমাদের একান্তই দেশি। মানে সমাজ-সংসারকে নিয়ে রাজনৈতিক খেলার।বিরোধী দলের ঘোষিত সকাল-সন্ধ্যা হরতালের তাল-বেতাল ঠিক রাখতে যাওয়া হরতালি পাবলিকের সঙ্গে পুলিশের ধুম মারপিটের দৃশ্যাবলির ‘হাইলাইটস’ টিভিতে দেখানো হয়েছে সারা দিন। বহুকাল পরে আবার এ খেলার দৃশ্য বিস্মিত করেছে সবাইকে। লোকে বিস্মিত এটা ভেবে যে কেনই বা হরতাল আর কেনই বা প্রতিরোধ। অতিপরিচিত দৃশ্য। তবে নতুন কোনো ব্যাপার না হলেও আবার হরতালি ছুটি ভোগকারী দর্শক দিনভর টিভিতে তা দেখে সময় কাটিয়েছে। হরতাল ব্যাপারটি সুখকর নয় মোটেও। কোনো দিনই ভালো ঠেকে না কারও, তবু ডাকটি দেওয়া হয়। কেন, তা রাজনীতির মানুষেরাই ভালো বলতে পারবেন। তাঁদের নিজস্ব যুক্তি থাকে। আমার মনে হয়েছে, এ বিশ্বকাপ খেলা দেখার মুডে থাকা সময়ে এসব না হলেই ভালো হতো। যারা মার খেয়েছে, আহত হয়েছে, তাদের জন্য খেলা চাঙ্গে উঠেছে।যা-ই হোক, দ্বিতীয় পর্বের খেলা যেভাবে চলছে, তাতে মনে হচ্ছে, সবার ভাবনার সঙ্গে ফলাফল মিলে যাচ্ছে। আমার তো তা-ই মনে হচ্ছে। এ পর্যন্ত যা হলো, একেবারে হুবহু মিলে গেল অনেকের। যেমন, আগেই কেন যেন মনে হচ্ছিল যে আফ্রিকা থেকে টিকে যাওয়া একটিমাত্র দেশ ঘানা যুক্তরাষ্ট্রকে ‘বেঘর’ করবে। খেলা নিয়ে আলোচনা করতে গিয়ে পরিচিতদের সে কথা আমিও বলেছিলাম। যেমন বলেছিলাম আর্জেন্টিনাকে নিয়েও।তবে অনেকের সঙ্গে তর্ক করেছিলাম ইংল্যান্ডের ব্যাপারে। বেশির ভাগ বন্ধুর জার্মানিকে সাপোর্ট দেওয়ার দিকটিকে পাত্তা না দিয়ে বলেছিলাম, ‘ইংল্যান্ড জিতবে। কারণ, ওরা প্রথম পর্ব থেকে শক্তির চেয়ে প্রায় ভাগ্যবলে দ্বিতীয় রাউন্ডে উঠেছে। অতএব নিজেদের সৌভাগ্যবান মনে করে গুছিয়ে নেবে।’ কিন্তু দেশটি বন্ধুদের কাছে আমাকে হেয় করে দিল খুব নাজুক আর প্রায় প্ল্যান ছাড়া খেলা খেলে।আর্জেন্টিনা-মেক্সিকোর ব্যাপারে কাউকে কিছু আগেভাগে বলিনি বলে রক্ষা। কারণ, ধারণাটুকু ছিলই যে মেক্সিকোর জেতা অত সহজ হবে না দারুণ ফর্মে থাকা আর্জেন্টিনার বিপক্ষে। তবু মনে মনে আশা করছিলাম যে মেক্সিকো হয়তো জ্বলে উঠবে এবং আর্জেন্টিনার গর্বকে খর্ব করে ছাড়বে। কিন্তু যা স্বাভাবিক, তা-ই ঘটেছে। খেলা দেখে আমার মনে হয়েছে, মানসিকভাবে আগেই হেরে বসেছিল মেক্সিকো।খেলাগুলো দেখে আরেকটি দিক নজরে পড়ল। তা হলো, রেফারিদের ভুলভ্রান্তি এবং একগুঁয়েমিপনা। ইংল্যান্ডের একটি পরিষ্কার গোল এভাবে রেফারিদের দৃষ্টি এড়িয়েছে! মেক্সিকোর ক্ষেত্রেও তা-ই। এ নিয়ে মেক্সিকো তো আমাদের মোহামেডান-আবাহনীর কায়দায় প্রতিবাদের মতো কাণ্ড প্রায় করতে যাচ্ছিল। কী কারণে যেন শেষতক এগোয়নি। অবশ্য আমার ফুটবলবোদ্ধা বন্ধুরা অনেকে এসবকে অন্য চোখে দেখছেন। বলেছেন, ‘কেউ যদি মনে করতে চান রেফারিরা কাকে কাকে ওপরে ওঠাবেন আগেভাগে তা মনে পুষে রেখেছেন তবে তাঁদের দোষ দেওয়া যায় না। এ তো ঠিকই যে শুরুতেই যদি কোনোভাবে মনোবল ভেঙে দেওয়া যায়, তবে আর খেলায় মন থাকবে কী করে? অতএব বেশি বেশি গোলে হেরে যাওয়াটা তখন স্বাভাবিকই হয়ে যায়।’তবে আমি বলি, বিশ্বকাপ বলে কথা। চ্যাম্পিয়নের বিপক্ষে খেলতে গেলে খেলার ধরন, ছক সেভাবেই তৈরি করা উচিত।হল্যান্ড হারাল স্লোভাকিয়াকে। এটাও মনে হলো একতরফা খেলা। স্লোভাকিয়া চেষ্টার ত্রুটি করেনি। কিন্তু স্কোরারের বড়ই অভাব। গোলপোস্টের কাছে গেলেই কেমন যেন হড়বড়িয়ে যাওয়ার মতো দশা হয় দেখা গেল। এ খেলার ফল যে এমনই হবে, তা ধারণাতেই ছিল। তবু মন বলছিল, যদি কিছু আচমকা ঘটে! কিন্তু তা কি আর সব সময় ঘটে!ব্রাজিল এত দিনে তাদের সেরা দিনটি কাটাল। খেলল, না নাচল—বোঝা ভার। আর্জেন্টিনার চেয়ে একটু এগিয়েই রইল যেন গোল দেওয়া আর খাওয়ার যোগ-বিয়োগে। আর্জেন্টিনা তিন গোল দিলেও একটি খেয়েছে, ব্রাজিল সমান গোল দিল চিলিকে, কিন্তু খাওয়ার দিকটা শূন্য। তবে দুই দলের সমর্থকেরাই খুশি। কারোরই মন খারাপের কিছু ঘটল না।