ওপরে ওঠার সুযোগ হারাল জামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় স্থানে থেকে প্রথম পর্ব শেষ করেছিল শেখ জামাল ধানমন্ডি। বিজেএমসির সঙ্গে জিতে সবার ওপরে ওঠার দারুণ সুযোগ ছিল তাদের। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারল না, বঙ্গবন্ধু স্টেডিয়ামে গোলশূন্য ড্র করে শুরু করল দ্বিতীয় পর্ব। আর ফেনীতে সকার ক্লাবকে ৩-২ গোলে হারিয়ে শীর্ষে উঠল আবাহনী।৯ ম্যাচে ২০ পয়েন্ট আবাহনীর। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শেখ রাসেলের সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় জামাল। রাসেল অবশ্য এক ম্যাচ কম খেলেছে। আর ১২ পয়েন্ট নিয়ে ষষ্ঠই রইল বিজেএমসি।বিজেএমসিকে ৩-২ গোলে হারিয়ে প্রথম পর্ব শুরু করেছিল জামাল। এ পর্বেও তারাই ছিল ফেবারিট। কিন্তু গোলের অনেক সুযোগ নষ্ট করে কাল আর জয় নিয়ে ফেরা হলো না। এই নিয়ে টানা তিন ম্যাচ ড্র করল তারা। এর আগে শেখ রাসেলের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর জামাল ব্রাদার্সের কাছে হারতে হারতে বেঁচে যায় সোহেলের শেষ মুহূর্তের গোলে। কাল শেখ জামাল দলটাই যেন ছিল নতুন চেহারার। চোটের কারণে ছিলেন না মিডফিল্ডার শরীফ। একাদশে খেলানো পাঁচ বিদেশির চারজনই নতুন। মধ্যবর্তী দলবদলে দলে ঢোকা অগাস্টিন, সানডে, আরিওয়াচুকু ও আলফ্রেডদের দলের সঙ্গে মানিয়ে নিতেই কেটে গেল সময়। মাঝমাঠে শরীফের অভাবটা টের পেয়েছে জামাল।নতুন চেহারার জামালই ভালো খেলেছে। তবে গোলের সুযোগ ছিল বিজেএমসিরও। ৩১ মিনিটে এলিটার ক্রসে রশিদ শুধু পা-টা ছোঁয়াতে পারলেই গোল পেতেন। তবে ম্যাচের সহজতম দুটি সুযোগ নষ্ট করেছে জামালই। ৪৭ মিনিটে বিজেএমসির গোলরক্ষক আমিনুলের হাত ফসকে বেরিয়ে যাওয়া বলে গোল করতে পারেননি কাছেই থাকা সোহেল। ৬৪ মিনিটে একেবারে ফাঁকা পোস্ট পেয়েও সবুজ বল মারেন বারের ওপর। ৬৯ মিনিটে সানডের চমত্কার শটটা অবশ্য গোললাইন থেকে বাঁচিয়েছেন বিজেএমসির ডিফেন্ডার কেষ্ট।তিনটি পয়েন্ট তুলতে না পারায় হতাশ শেখ জামাল কোচ যোশেফ আপুসি, ‘ড্র আমাদের জন্য ভালো ফল নয় অবশ্যই। কিন্তু একেবারে নতুন দল নিয়ে খেলতে হলো আমাদের। বেশ কিছু গোল মিস হয়েছে। আমি হতাশ।’ বিজেএমসির কোচ জাকারিয়া বাবু দুষেছেন ভাগ্যকে, ‘আমরা জেতার মতোই খেলেছি। কিন্তু ভাগ্য আমাদের পক্ষে ছিল না।’