ওপরে ব্যাট করতে চান নাফীস
শাহরিয়ার নাফীস বিপিএলে বরিশাল বার্নার্সের সর্বশেষ দুটি ম্যাচে অনেক নিচে ব্যাট করেছেন। ঢাকার ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেট, ক্লাব ক্রিকেট, এমনকি জাতীয় দলের হয়েও শাহরিয়ার নাফীস সব সময় ব্যাট করতে নামেন ওপরের দিকে, সাধারণত প্রথম তিনটি স্থানের যেকোনো একটিতে। বিপিএলে নাফীসের নিচে নেমে ব্যাট করা তাই জন্ম দিয়েছে নানা জল্পনা-কল্পনার। তবে শাহরিয়ার নাফীস নিজেই বলেছেন, টিম ম্যানেজমেন্টের নির্দেশেই তিনি নিচে ব্যাট করছেন। টিম ম্যানেজমেন্টই তাঁর আগে তরুণ মমিনুলকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে তাঁর কিছুই করার নেই। তিনি আর বলেন, ‘টিম ম্যানেজমেন্টের এ সিদ্ধান্ত কাজে আসেনি। বাকি ম্যাচগুলোতে হয়তো আমি আবার আগের জায়গায় ফিরে যাব।’‘বিপিএলের প্রথম দুই ম্যাচে আমি ওপরের দিকে ব্যাট করেছি। কিছু রানও পেয়েছিলাম। এরপর আমরা একটু অন্যভাবে চিন্তা করেছি। তাই মমিনুল আমার ওপরে খেলেছে। তবে ভাবনাটি কাজে লাগেনি। তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি, আমার জন্য ব্যাপারটি ভালো হয়নি। কারণ, আমি সাত নম্বরে ব্যাট করার খেলোয়াড় না। আমি ওপরের দিকে ব্যাট করতেই স্বাচ্ছন্দ্যবোধ করি।’ শাহরিয়ার নাফীসের মন্তব্য।বরিশাল বার্নার্সের হয়ে প্রথম পাঁচটি ম্যাচে মূল খেলাটা খেলেছেন ক্রিস গেইলই। ঢাকা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে তাঁর অতিমানবীয় সেঞ্চুরি ২০০ রান তাড়া করতে নামা বরিশালকে প্রায় জিতিয়েই দিয়েছিল। প্রথম ম্যাচেও সিলেটের বিপক্ষে তিনি সেঞ্চুরি করেছেন। পাঁচ ম্যাচের জন্য চুক্তিবদ্ধ গেইল চলে যাওয়ার পর বরিশালের কম্বিনেশনটা কেমন হবে তা নিয়েও ভাবনা শুরু করে দিয়েছে বরিশাল। শাহরিয়ার নাফীস বলেন, আমাদের বেঞ্চে দুজন ভালো খেলোয়াড় বসে আছেন। ফিল মাস্টার খুব ভালো ব্যাটসম্যান। ইংল্যান্ডের হয়ে খেলেছেন। এ ছাড়া পাকিস্তানি রমিজ রাজা জুনিয়রও নাকি টি-টোয়েন্টির জন্য আদর্শ ক্রিকেটার। মোটকথা গেইলের বিকল্প না থাকলেও ভালোমতো কাজ চালিয়ে নেওয়ার মতো ক্রিকেটার আমাদের রয়েছে।