ওবামার দেশের ফুটবল দল!
ফুটবল-যাত্রার প্রথম স্টেশনে নেমে পড়েছেন ওঁরা। কিন্তু নতুন অভিযানে নামলে যে উত্তেজনা থাকে, সেটি কোথায়? নতুন জমানার ফিতে কাটার অপেক্ষায় একঝাঁক শৌখিন ফুটবলার চাপমুক্ত ফুরফুরে সময়ই কাটাচ্ছে কাঠমান্ডুতে। এটা নর্দার্ন মারিয়ানা আইল্যান্ড ফুটবল দল। ফিফার সদস্যপদ পায়নি তারা এখনো। এএফসির সহযোগী সদস্যই হয়েছে এই সেদিন, ২০০৯ সালে। এর আগের বছর ইস্ট এশিয়ান ফুটবল ফেডারেশনের সদস্য হয়েছে। এএফসির কোনো ‘মাহফিলে’ এই প্রথম যোগ দেওয়ার সুযোগ মিলল।এএফসি চ্যালেঞ্জ কাপে আগামীকাল নেপালের বিপক্ষে প্রথম ম্যাচ। কিন্তু মাঠে নামার ৭২ ঘণ্টা আগেও এঁরা নির্ভার। কাঠমান্ডুর গ্র্যান্ড হোটেলের লবিতে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন কানে হেডফোন লাগিয়ে গান শুনে।সবাই অপেশাদার ফুটবলার। ফুটবল খেলে কানাকড়িও পান না। ২৪ বছর বয়সী অধিনায়ক স্ট্রাইকার জো বোবারি একটা হোটেলে কাজ করেন। অর্ধেকের মতো খেলোয়াড়ই স্কুল-কলেজপড়ুয়া। কিছু খেলোয়াড় চাকরি টাকরিও করেন। খণ্ডকালীন পেশার এই ফুটবলাররা ৬ মার্চ সামনে দাঁড়াবেন বাংলাদেশের।অধিনায়ক জো শিহরিত তা ভেবে, ‘আমরা ফুটবল সবে শুরু করেছি। আন্তর্জাতিক ফুটবলের সঙ্গে পরিচিত হওয়াই এ মুহূর্তে আমাদের সবচেয়ে বড় চাওয়া।’ সেটিই স্বাভাবিক। আঁতুড়ঘর থেকে বেরোনো সদ্যোজাত ‘শিশু’ হাঁটা শেখে অনেক পরে। তবে এরই মাঝে দলটা খেলেছে বেশ কটি ম্যাচ। অবশ্য সবগুলোতেই হার। গত বছর ইস্ট এশিয়ান কাপে ম্যাকাওয়ের কাছে হেরেছে ১-৫ গোলে ও গুয়ামের কাছে ১-৩-এ। গুয়ামের বিপক্ষে এর আগে হেরেছে ৬-০ ও ৮-০ গোলে। ভূগোল ঘেঁটে দেখা যাচ্ছে, প্রশান্ত মহাসাগরে পশ্চিম প্রান্তে ১৫টি দ্বীপের সমষ্টি এই নর্দার্ন মারিয়ানা আইল্যান্ড। হাওয়াই দ্বীপপুঞ্জ এবং ফিলিপাইনের মাঝখানে একটা বিন্দুর মতো, আয়তন মাত্র ১৮৩.৫ বর্গমাইল। ঢাকা শহরের অর্ধেকও না। জনসংখ্যা মাত্র ৭৫ হাজার! আসল তথ্যটা এখনো বলা হয়নি। নর্দার্ন মারিয়ানা আইল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন একটা ‘দেশ’। যাদের আলাদা সংবিধান আছে, তবু এটি স্বাধীন নয়। গভর্নরশাসিত দেশটার রাষ্ট্রপতির নাম কি জানেন? বারাক ওবামা!ওবামা মারিয়ানা আইল্যান্ডে যান? অধিনায়ক জোর গলায় উত্তেজনা, ‘নো নো নো। ওবামাকে কখনো দেখিনি। বাট হি ইজ আওয়ার প্রেসিডেন্ট।’এই ফুটবলাররা যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী। যুক্তরাষ্ট্রের ‘নাগরিক’ও বটে। দলের মিডিয়া ম্যানেজার ওয়েসলি বোগডান জানালেন, ‘আমরা আমেরিকার অধিভুক্ত, তবে স্টেট না। আমেরিকার নির্বাচনে ভোটাধিকার নেই আমাদের।’তা না হোক, এই দ্বীপে কোনো পূর্ণাঙ্গ ফুটবল স্টেডিয়াম নেই, কথাটা একটু খটকা লাগার মতোই। কিন্তু অধিনায়ক জো সেটাই বললেন, ‘আমরা উন্মুক্ত মাঠে খেলি, লোকজন মাঠের পাশে দাঁড়িয়ে খেলা দেখে।’ ১০ দলের সর্বোচ্চ লিগ সেখানে, নাম ‘এম’ লিগ। এই পর্বে ফুটবলারের সংখ্যা শ দুয়েক। গত সেপ্টেম্বর থেকে দলটা একসঙ্গে অনুশীলন করছে। কোচ লুয়াম খেন কো এতেই খুশি, ‘দেখুন, আমরা একটা অপেশাদার দল। তবে এই টুর্নামেন্টের জন্য মাস পাঁচেক প্রস্তুতি নিতে পারা বেশ খুশির ব্যাপার।’মজা আছে আরও, এই মালয়েশিয়ান কোচও খেলোয়াড়দের মতো বেতন পান না। আর্থিক চুক্তি-টুক্তি নেই আট বছর আগে গঠিত নর্দার্ন মারিয়ানা আইল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে। তাহলে চলেন কী করে?৬১ বছর বয়সী কো প্রশ্ন শুনে রেগেই গেলেন এই প্রতিনিধির ওপর। ‘তোমার দরকার কী এত কিছু জানার’—বলে শেষে একটু শান্ত, ‘আমার ব্যবসা আছে। কাজেই সমস্যা হয় না।’১৯৭২ মিউনিখ অলিম্পিকে খেলেছেন মালয়েশিয়ার হয়ে। হংকং, মালয়েশিয়ার কোচ ছিলেন। সত্তরে হংকংয়ের পেশাদার ফুটবলে অভিষেক। কালের পরিক্রমায় এখন ওবামার ‘দেশের’ ফুটবলারদের গুরু। ওবামা কি জানেন এ দলটার কথা? মনে তো হয় না!