ওভারে ছয়-ছক্কা দেখেছিল যে বিশ্বকাপ

কদিন পরই বাংলাদেশে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের পঞ্চম আসর। আগের চারটি আসর নিয়ে আমাদের চার পর্বের নতুন ধারাবাহিক। প্রথম পর্বে আসুন, ফিরে দেখা যাক ২০০৭ সালে আয়োজিত প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরটি
তরুণ প্রজন্মের কাছে আরও আকর্ষণীয় ক্রিকেট উপহার দিতে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) মার্কেটিং ম্যানেজার স্টুয়ার্ট রবার্টসন ২০০১ সালে যখন কাউন্টি চেয়ারম্যানদের কাছে ২০ ওভারের এক নতুন ধরনের ক্রিকেটের প্রস্তাব দেন, তখন তিনি নিজেই কি জানতেন যে অচিরেই ক্রিকেট ইতিহাসেরই গতি-প্রকৃতি পাল্টে দেবে এই ‘নতুন ক্রিকেট’?
ইংল্যান্ডে দ্রুতই জনপ্রিয়তা পাওয়া সেই নতুন ক্রিকেট অল্প সময়েই ছড়িয়ে পড়ে বিভিন্ন দেশের ঘরোয়া লিগে। আর সেই আলাদিনের চেরাগ চিনতে মোটেই কালবিলম্ব করেনি আইসিসিও। ২০০৫ সালের ১৭ ফেব্রুয়ারি প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের মাত্র বছর দুয়েকের মাথায় ২০০৭ সালে তারা আয়োজন করে ফেলে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের।
১১ থেকে ২৪ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সেই প্রথম বিশ্বকাপে ১০টি টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে আরও যোগ দেয় আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন ওয়ান টুর্নামেন্টের দুই ফাইনালিস্ট কেনিয়া ও স্কটল্যান্ড। মোট ১২টি দল ৪টি গ্রুপে ভাগ হয়ে খেলে। গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের সঙ্গী হয় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।
বিশ্বকাপের প্রথম ম্যাচের প্রথম ইনিংস থেকেই টি-টোয়েন্টির জয়জয়কার। ক্রিস গেইলের মাত্র ৫৭ বলে ১১৭ রানের ওপর ভর করে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে সংগ্রহ করে ২০৫ রান। কিন্তু টি-টোয়েন্টির ইতিহাসের প্রথম সেঞ্চুরিকে ব্যর্থ করে দিয়ে হার্শেল গিবসের বিস্ফোরক ৯০ রানের ওপর ভর করে দক্ষিণ আফ্রিকা ১৪ বল বাকি থাকতেই পৌঁছে যায় লক্ষ্যে।
দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজের প্রথম ম্যাচেই রেকর্ড বইয়ের অনেকগুলো পাতা নতুন করে লিখতে হয়। যদিও গ্রুপের পরের ম্যাচেই বাংলাদেশের কাছেও ৬ উইকেটে হেরে প্রথম দল হিসেবে দেশের পথ ধরে ওয়েস্ট ইন্ডিজ।
গ্রুপ ‘বি’ থেকে শেষ পর্যন্ত ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সুপার এইটে উঠে গেলেও প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়া হেরে গিয়েছিল জিম্বাবুয়ের কাছে। গ্রুপ ‘সি’ থেকে নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা সুপার এইটে উঠে যায়। অনুমিতভাবেই বাদ পড়ে কেনিয়া। তবে বাদ পড়ার আগে তারা ঢুকে যায় রেকর্ড বইয়ে। তাদের বিপক্ষেই শ্রীলঙ্কা করে ইনিংসে ২৬০ রানের রেকর্ড এবং ১৭২ রানের সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড।
ভারত, পাকিস্তান, স্কটল্যান্ড নিয়ে গড়া গ্রুপ ‘ডি’র প্রতি ক্রিকেটপ্রেমীদের আগ্রহ ছিল শুরু থেকেই। শেষ পর্যন্ত ভারত-পাকিস্তান কোয়ালিফাই করে। ভারত-পাকিস্তান ম্যাচটি দুই দলের চিরন্তন লড়াইয়ের উদাহরণ হয়ে থাকে। ‘টাই’ হওয়া ম্যাচটি ভারত শেষ পর্যন্ত বোল আউটে জেতে। প্রতিটা গ্রুপ থেকে সেরা দুই দল সুপার এইটে পৌঁছে যায়। ‘ই’ এবং ‘এফ’ নামে নতুন দুটি গ্রুপে ভাগ করা হয় এই আট দলকে। গ্রুপ ‘ই’-তে ছিল ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। গ্রুপ ‘এফ’-এ অস্ট্রেলিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। গ্রুফ ‘এফ’ থেকে অস্ট্রেলিয়া সব ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছে যায়। তিন ম্যাচের দুটিতে জিতে পাকিস্তানও তাদের সঙ্গী হয়। কিন্তু গ্রুপ ‘এফ’-এর মতো ‘ই’ এতটা সহজ-সরল ছিল না।
ইংল্যান্ড প্রথম দুই ম্যাচ হেরে সেমিফাইনালে যাওয়ার শেষ আশা নিয়ে ভারতের সঙ্গে শেষ ম্যাচটি খেলতে নামে। ভারতও নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটি হেরেছিল। ইংল্যান্ড-ভারত গুরুত্বপূর্ণ সেই ম্যাচে যুবরাজের আগুনে ইনিংসের কল্যাণে ভারত শেষ পর্যন্ত ম্যাচটি জিতে নেয়। আগের ম্যাচগুলোয় রান রেট ভালো থাকায় ভারতের বিপক্ষে ম্যাচে জয় নয়, দক্ষিণ আফ্রিকা মাত্র ১২০ রান করলেই সেমিফাইনালে পৌঁছে যেত। কিন্তু চোকার দক্ষিণ আফ্রিকা ভারতের ১৫৪ রানের জবাবে আটকে যায় মাত্র ১১৬ রানেই।
সুপার এইটের প্রথম ম্যাচেই বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেন ব্রেট লি। টি-টোয়েন্টিরই প্রথম হ্যাটট্রিক ছিল এটি। ওদিকে ১৯ সেপ্টেম্বর ইংল্যান্ডের সঙ্গে ম্যাচটিতেই যুবরাজ স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ৬টি ছক্কায় করেন ৩৬ রান এবং মাত্র ১২ বলে ফিফটি করে ভেঙে দেন কদিন আগেই মোহাম্মাদ আশরাফুলের করা ২০ বলে অর্ধশত রানের রেকর্ড। অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে প্রতিটি ম্যাচেই পরাজিত হয়ে বাংলাদেশ শেষ করে দুর্দান্ত শুরু করা প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন।
সুপার এইট থেকে শেষ পর্যন্ত সেমিফাইনালে যাওয়া পাকিস্তান নিউজিল্যান্ডকে এবং ভারত অস্ট্রেলিয়াকে পরাজিত করে পৌঁছে যায় ফাইনালে। ২০০৭ বিশ্বকাপের শুরুর মতো শেষটাও ছিল ক্ল্যাসিক। ভারত-পাকিস্তান ম্যাচ শুধু ক্রিকেট ইতিহাসের নয়, সমগ্র ক্রীড়া ইতিহাসেরই অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলোর একটি। প্রথমে ব্যাট করা ভারতের ১৫৭ রানের লক্ষ্যকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে পাকিস্তান কঠিন করে তোলে। একপর্যায়ে ২৪ বলে পাকিস্তানের প্রয়োজন ৫৪ রানের। তবে মিসবাহ-উল-হকের ব্যাটিংয়ে শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন দাঁড়ায় ১৩ রানের, হাতে ১ উইকেট। মিসবাহ প্রথম দুই বলে ৭ রান সংগ্রহ করায় শেষ চার বলে প্রয়োজন হয় ৬ রানের। পাকিস্তানের জয় এবং পরাজয়ের মাঝে যখন মিসবাহ দাঁড়িয়ে, তখনই তাঁর প্যাডেল স্কুপ। ভারতীয়দের আনন্দে ভাসিয়ে সেই স্কুপ জমা পড়ে ফাইন লেগে দাঁড়িয়ে থাকা শ্রীশান্তের হাতে।
বিশ্বকাপে যাওয়ার আগে মাত্র একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতাসম্পন্ন ভারত ৫ রানে জিতে নেয় ইতিহাসের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ।