ওভারে ৭৭ রানও আছে!
কালকের আগে স্বীকৃত ক্রিকেটে ওভারে ৩৬ রানের বেশি এসেছিল একবারই। ২০১১ আইপিএলে প্রশান্ত পরমেশ্বরণের বলে ক্রিস গেইলের ৩৭। কাল মিরপুরে আলাউদ্দিন বাবুর এক ওভারে আসা ৩৯ রান তাই স্বীকৃত যেকোনো ক্রিকেটেই এক ওভারে সর্বোচ্চ!
তবে প্রথম শ্রেণীর ক্রিকেটে এক ওভারে ৩৮ রান নেওয়ার ঘটনাও আছে! ১৯৯৮ সালে সারের অ্যালেক্স টিউডরের এক ওভারে ল্যাঙ্কাশায়ারের অ্যান্ড্রু ফ্লিনটফ পিটিয়ে নিয়েছিলেন ৩৪। আর ওভারে নো বল ছিল দুটি। সে বছর কাউন্টি চ্যাম্পিয়নশিপে নিয়ম ছিল নো বলে দুই রান। ওভার থেকে মোট রান তাই ৩৮! কিন্তু প্রথম শ্রেণীর ক্রিকেট তো আর নো বলে ২ রানকে স্বীকৃতি দেয় না। তাই রেকর্ডে আছে শুধু ফ্লিনটফের ব্যাট থেকে আসা ৩৪ রানই!
৩৮ যেমন-তেমন, প্রথম শ্রেণীর ক্রিকেটে এক ওভারে ৭৭ রান হওয়ার ঘটনাও আছে! ১৯৯০ সালে নিউজিল্যান্ডে শেল ট্রফির শিরোপা জয়ের জন্য শেষ ম্যাচটি জিততেই হতো ওয়েলিংটনকে। ক্রাইস্টচার্চে ম্যাচের শেষ দিনে ক্যান্টারবুরির সামনে লক্ষ্য দিল তারা ৫৯ ওভারে ২৯১। একপর্যায়ে ক্যান্টারবুরির রান ছিল ৮ উইকেটে ১০৮। কিন্তু আটে নামা উইকেটকিপার লি জারমনের দৃঢ়তায় ম্যাচ বাঁচিয়ে ফেলছিল ক্যান্টারবুরি। দিনের দুই ওভার বাকি থাকতে রান ছিল ৮ উইকেটে ১৯৬।
ম্যাচ জিততে মরিয়া ওয়েলিংটন অধিনায়ক আরভিন ম্যাকসুইনি এবার একটা ফন্দি আঁটলেন। বল হাতে তুলে দিলেন একদমই বোলিং না-পারা বার্ট ভেন্সকে। আর বললেন ইচ্ছেমতো ওয়াইড-নো করে রান দিতে। পরিকল্পনা হলো, এক ওভারেই অনেক রান দিয়ে ক্যান্টারবুরিকে জয়ের কাছে নিয়ে যাওয়া। এরপর জয়ের চেষ্টা করতে গিয়ে যদি শেষ দুই উইকেট হারায় তারা, তাহলেই জিতে যাবে ওয়েলিংটন। ব্যস, শুরু হলো ইচ্ছে করেই নো-বল দেওয়া। প্রথম ১৭ বলের একটিই হলো কেবল বৈধ বল! স্কোরাররা হিসাব রাখতে খেই হারালেন, আম্পায়াররা ভুলে পাঁচ বলেই শেষ করলেন ওভার। তার পরও সাত ছক্কা ও ছয় চারে ওই ওভার থেকে এসেছিল ৭৭!
ইচ্ছে করে করা বলে ওই ওভারটি স্থান পায়নি রেকর্ড বইয়ে। আর ওয়েলিংটন পরে উল্টো হারতে হারতে কোনো রকমে করেছিল ড্র!