ওভাল-কাণ্ডে কুকদের দুঃখ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট ক্রিকেটের চেয়েও বেশি বয়স এই মাঠের। এফএ কাপের প্রথম ফাইনাল হয়েছিল এখানে। বিশ্বের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্টটির টানা ১৮টি ফাইনাল হয়েছে এই মাঠে। ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট হয়েছিল এখানে, এখানেই জন্ম অ্যাশেজের। ১৯০২ সালে গিলবার্ট জেসপের ৭৭ মিনিটের সেঞ্চুরিতে ইংল্যান্ডের ১ উইকেটের জয়, ডন ব্র্যাডম্যান আর বিল পন্সফোর্ডের ৪৫১ রানের জুটি, লেন হাটনের ৩৬৪ আর ৯০৩ রান করে ইংল্যান্ডের ইনিংস ও ৫৭৯ রানের রেকর্ড জয়, ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বিখ্যাত শূন্য, শেষ টেস্ট ইনিংসে এরিক হোলিসের বলে ব্র্যাডম্যানের বোল্ড—সব এখানেই। কত ইতিহাস, ঐতিহ্য, রোমাঞ্চ, ক্রিকেটের কত লোকগাথার জন্ম দিয়েছে এই মাঠ। সেই ওভালেই কিনা এমন একটা কাণ্ড করলেন ইংলিশ ক্রিকেটাররা!
এবার ওভাল টেস্ট শেষ হওয়ার পর স্কাই স্পোর্টসকে কেভিন পিটারসেন বলেছিলেন, ‘ইংলিশ ক্রিকেটের সত্যিকার হোম তো ওভালই।’ কয়েক ঘণ্টা পর সেই ‘হোম’কে কলঙ্কিত করলেন পিটারসেনরা পিচে মূত্রত্যাগ করে! প্রচণ্ড সমালোচনার মুখে অবশেষে দুঃখ প্রকাশ করল ইংল্যান্ড ক্রিকেট দল। যদিও পিচে মূত্রত্যাগের কথা সরাসরি স্বীকার-অস্বীকার কোনোটাই করেননি তাঁরা। ডেইলি সান-এ নিজের কলামে গ্রায়েম সোয়ান লিখেছেন, ‘আমরা মাঠের মাঝখানে গিয়ে বিয়ার পান করেছি, গান গেয়েছি, উপভোগ করেছি ঠিকই। প্রকৃতির ডাকও এসেছে দু-একবার, তবে সেটা অনভিপ্রেত কিছু ছিল না। তখন মাঝরাত, চারপাশ অন্ধকার, মাঠের মাঝখানে আমরা নিজেরা উদ্যাপন করছিলাম।’
কাল ইসিবির ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘ইংল্যান্ড ক্রিকেট দল জানাতে চায়, ‘অ্যাশেজ জয়ের পর আমাদের উদ্যাপনে সারে ক্রিকেট ক্লাব, দি ওভাল বা আমাদের প্রিয় খেলাটির সঙ্গে সম্পৃক্ত কোনো কিছুকে অসম্মান করার কোনো ইচ্ছে আমাদের ছিল না। প্রতিপক্ষ ও আমরা যে মাঠে খেলি, এসবসহ ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত সবকিছুকে প্রাপ্য সম্মানটাই দিই বলে আমরা গর্ববোধ করি। এমন মর্যাদার একটি সিরিজ জয়ের উত্তেজনায় আমরা নিজেদের একটু বেশিই হারিয়ে ফেলেছিলাম এবং মেনে নিচ্ছি যে আমাদের কিছু আচরণ ছিল অনভিপ্রেত। এতে কেউ কষ্ট পেয়ে থাকলে আমরা দুঃখ প্রকাশ করছি। নিশ্চিত করছি যে ওটা স্রেফ আমাদের বোঝার ভুল ছাড়া আর কিছু ছিল না।’
ঘটনাটি ২৫ আগস্ট রাতের। ৩-০ অ্যাশেজ জয়ের পর মাঠে ও ড্রেসিংরুমে উৎসব তো হয়েছেই, মাঝরাতের দিকে মাঠের মাঝে পিচে গিয়েও নাচানাচি করেন ইংলিশ ক্রিকেটাররা। এ সময়ই পিচে মূত্রত্যাগ করেন দলের কয়েকজন। বেশ কজন অস্ট্রেলিয়ান সাংবাদিক তখনো ছিলেন ওভালের প্রেসবক্সে, ছিলেন মাঠকর্মীরা ও মাঠের স্বত্বাধিকারী সারে ক্রিকেট ক্লাবের কয়েকজন কর্মকর্তা। ঘটনার প্রত্যক্ষদর্শী তাই অনেক। যদিও নিশ্চিত করে নাম জানা যায়নি কারোরই। তবে সংবাদমাধ্যমে নিশ্চিত করে এসেছে তিন সিনিয়র ক্রিকেটার পিটারসেন, জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের নাম।
ঘটনা জানাজানি হওয়ার পর সমালোচনার ঝড় ওঠে চারদিকে। প্রচণ্ড ক্ষোভ জানিয়ে ইসিবিকে তদন্তের আহ্বান জানান সারের প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড। স্বদেশি ক্রিকেটারদের ‘অবিশ্বাস্যরকম অসম্মানজনক আচরণে’ মাঠকর্মীরা যে ‘প্রচণ্ড হতাশ’, বোর্ডকে এটাও জানান গোল্ড। এরপরই এল এই দুঃখ প্রকাশ করে বিবৃতি। এএফপি, ওয়েবসাইট।