গ্রায়েম সোয়ানের নেতৃত্বে মাঠে নেমেছিল ইংল্যান্ড। ছিলেন না নিয়মিত অনেক তারকাই। ওয়েস্ট ইন্ডিজ দলও মাঠে নেমেছিল তিনজন ডেব্যুট্যান্টকে সঙ্গী করে। কিন্তু তার পরও খেলাটি হলো নিতান্তই একপেশে, প্রতিদ্বন্দ্বিতাহীন। কাল ওভালে টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১০ উইকেটে হারিয়ে ইংল্যান্ড তাদের জয়যাত্রা অব্যাহতই রাখল।ইংল্যান্ডের জয়ের নায়ক তিনজন। তবে তিনজনই ব্যাটসম্যান। রবি বোপারা, অ্যালেক্স হেইলস ও ক্রেইগ কিসওয়েটার। তবে এঁদের মধ্যে বোপারার কৃতিত্বটা বল হাতে। রীতিমতো রেকর্ডই করে ফেলেছেন তিনি। মাত্র ১০ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে ইংল্যান্ডের পক্ষে সেরা বোলিং পরিসংখ্যানের মালিক হয়েছেন।প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহটা ছিল বিব্রতকর। মাত্র ১২৫ রানেই শেষ হয় তাদের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে হেইলস ও কিসওয়েটারের দুর্দান্ত ব্যাটিং শৈলীতে ইংল্যান্ড ১৫ দশমিক ২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায়। শেষ পর্যন্ত ইংলিশদের স্কোর ছিল ১২৮। হেইলস ৬২ ও কিসওয়েটার ৫৮ রানে অপরাজিত থাকেন।ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের শুরুটা ভালোই ছিল। কোনো উইকেট না হারিয়েই ৫২ রান তুলে ফেলেছিলেন ক্যারিবীয় ওপেনাররা। চার্লস ও স্মিথের সংগ্রহ ছিল যথাক্রমে ৩৬ ও ৩৩ রান। এর পরই লাগে মড়ক। এই দুজনের পর সর্বোচ্চ সংগ্রহ ছিল হিয়াটের। ২৮ রান। এরপর স্কোরবোর্ডই বলে দেবে কতটা অসহায় ছিল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপ।সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ ১২৫ (১৯.৪ ওভার)চার্লস ৩৬, স্মিথ ৩৩রবি বোপারা ৪/১০ইংল্যান্ড ১২৮/০ (১৫.২ ওভার)হেইলস ৬২, কিসওয়েটার ৫৮(ফল: ইংল্যান্ড ১০ উইকেটে জয়ী)