ওভালের ম্যাচটিতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি
লর্ডস টেস্টে স্পট কেলেঙ্কারির পর সেই ম্যাচে প্রথম জয় পেয়েছিল পাকিস্তান। তবে ব্রিটিশ ট্যাবলয়েড সানের দাবি ছিল, ওভালে ম্যাচ শুরুর আগেই নাকি পাকিস্তানের ইনিংসের বিস্তারিত জানতেন জুয়াড়িরা! এ সংবাদের ভিত্তিতে তদন্তে নামে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তবে তদন্তে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে আজ নিশ্চিত করেছে আইসিসি।ক্রিকইনফো জানায়, আইসিসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৭ সেপ্টেম্বর ওভালে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত একদিনের ম্যাচ নিয়ে যে অভিযোগ উঠেছিল, তা তদন্ত করে দেখেছে আইসিসির দুর্নীতিবিরোধী বিভাগ। কিন্তু কোনো ক্রিকেটার বা স্টাফকে সন্দেহ করার মতো কিছু পাওয়া যায়নি।সানের দাবি ছিল, ম্যাচ শুরুর আগেই পাকিস্তানের ইনিংসের বিস্তারিত জানতেন ভারত ও দুবাইয়ের জুয়াড়িরা। টের পেয়ে পত্রিকাটি আইসিসির কর্মকর্তাদের জানায়। পাকিস্তানের ক্রিকেটারদের সতর্ক করার সিদ্ধান্ত নেন কর্মকর্তারা। কিন্তু ততক্ষণে ম্যাচ শুরু হয়ে যায়। আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাতও এ খবরের প্রাথমিক সত্যতা নিশ্চিত করেছিলেন।