ওমানকে হারানোর চ্যালেঞ্জ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব পর্যায়ের হকিতেই বাংলাদেশের প্রধান প্রতিপক্ষ এখন ওমান। একসময় ওমানের সঙ্গে জয় নিয়ে অতটা চিন্তা হতো না, তবে সাম্প্রতিক সময়ে এ দলটির কাছে জাতীয় দলের বড় হার চিন্তায় ফেলেছে। এমন অবস্থায় ঢাকায় চলমান এশিয়ান হকি ফেডারেশন কাপ অনূর্ধ্ব-২১ হকিতে আজ বিকেল তিনটায় মওলানা ভাসানী স্টেডিয়ামে বাংলাদেশের সামনে ওমান।
দুদলই আগের দুই ম্যাচে জিতেছে। ওমান কাল তাদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে ৩-২ গোলে। বাংলাদেশের শেষ ম্যাচ এই শ্রীলঙ্কার সঙ্গেই। তার আগে পাঁচ দলের প্রতিযোগিতায় শীর্ষে থেকে ফাইনাল খেলতে আজ জয় চাই।
ফাইনালে খেলার সম্ভাবনা অবশ্য বাংলাদেশ-ওমানেরই বেশি। তবে চ্যাম্পিয়ন হতে চাইলে ওমানকে যেহেতু হারাতে হবে, এটিকে তাই ফাইনালের ড্রেস রিহার্সাল বলছেন অনেকে। বাংলাদেশ কোচ মামুনুর রশীদ শুরু থেকেই বলে আসছেন, ‘ওমানই আমাদের আসল প্রতিপক্ষ।’ কাজেই ওমানকে হারানোর চ্যালেঞ্জটা আজ থাকছেই।

আজকের খেলা
শ্রীলঙ্কা–থাইল্যান্ড
বাংলাদেশ–ওমান
দুপুর ১২–৩০ ও বেলা ৩টা,
হকি স্টেডিয়ামে