ওমানকে হারাল বাংলাদেশ
জুনিয়র এশিয়া কাপ হকির দ্বিতীয় ম্যাচে ওমানকে হারিয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার কুয়েনতানে অনুষ্ঠিত তীব্র উত্তেজনাপূর্ণ এই ম্যাচের স্কোর লাইন ৫-৪। নিজেদের প্রথম ম্যাচে গতকাল পাকিস্তানের কাছে ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশের অনূর্ধ্ব-২১ দলটি।
খেলার তৃতীয় মিনিটেই এগিয়ে গিয়েছিল ওমান। আল লাওয়াতি মোহাম্মদের ফিল্ড গোল শুরুতেই ধাক্কা দেয় বাংলাদেশকে। ধাক্কা সামলে পরের মিনিটেই গোলটি শোধ করে দেন রোমান সরকার। ১১ মিনিটে আশরাফুল ইসলামের পেনাল্টি স্ট্রোকের গোলে ম্যাচে ২-১ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। চার মিনিট পর বাংলাদেশকে ৩-১ গোলে এগিয়ে দেন আরশাদ হোসেন।
২০ মিনিটে আল লাওয়াতি মোহাম্মদের দ্বিতীয় গোলে ব্যবধান কমায় ওমান (৩-২)। ২৫ মিনিটেই অবশ্য বাংলাদেশ ৪-২ গোলে এগিয়ে যায় দ্বীন মোহাম্মদ ইমনের গোলে।
৩৮ মিনিটে হয় দুই গোল। একটি ওমানের পোস্টে, অপরটি বাংলাদেশের পোস্টে। প্রথমে আল বাতাসি খালিদের গোলে স্কোরলাইন ৪-৩ করে ওমান। ফিরতি আক্রমণেই আশরাফুল ইসলাম বাংলাদেশকে এগিয়ে দেন ৫-৩ গোলে।
ওমান নিজেদের চতুর্থ গোলটি করেন আল শাইবি আম্মার। পেনাল্টি কর্নার থেকে করা তাঁর এই গোল বাংলাদেশ শিবিরকে চিন্তায় ফেললেও বাকিটা সময় ঘর সামলে দারুণ একটা জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশের যুবারা।