বাংলাদেশ হকি দলের সামনে আজ একটা বড় সুযোগ অপেক্ষা করছে। ওমানকে হারাতে পারলে চলমান বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডের সেমিফাইনালে পা রাখা যাবে। তখন ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষ হবে সম্ভবত পোল্যান্ড। যদিও এই দলটির কাছে গ্রুপে বাংলাদেশ হেরেছে ৫-০ গোলে।
তবে ফাইনালে ওঠা না হোক, শেষ চারের টিকিট পাওয়া মানে অন্তত তৃতীয় হওয়ার বিরাট সম্ভাবনা। তৃতীয় হতে পারলে বিশ্ব হকি লিগের তৃতীয় রাউন্ডের টিকিট মিলবে। বাংলাদেশের হকির জন্য এটি এক বড় প্রাপ্তির হাতছানি।
কাজেই আজ ওমান ম্যাচটা খুবই গুরত্বপূর্ণ। একটা সময় ওমানকে বলে-কয়ে হারাত বাংলাদেশ। ঘরের মাঠে এখনো ওমানের সামনে বাংলাদেশ ‘বাঘের দল’। সম্প্রতি এশিয়ান গেমসের বাছাইয়ে ঢাকায় ওমানকে ৬ গোল দিয়েছে বাংলাদেশ। তারপর অনূর্ধ্ব-২১ এএইচএফ কাপে ওমানকে উড়িয়ে দিয়েছে ৫ গোলে। এই প্রেরণা আজ জিমি-কৃষ্ণদের সঙ্গী হবে।
কিন্তু দেশের বাইরে শেষ দুটি সাক্ষাতে বাংলাদেশ হেরেছে এই ওমানের কাছে। দুটিই ৪-২। প্রথমটি গত এশিয়া কাপে, পরেরটি গত ইনচন এশিয়ান গেমসে। বাংলাদেশের জন্য ভয়ের কারণ, আজকের ম্যাচটিও দেশের বাইরে, সিঙ্গাপুরে।
বিশ্ব হকি লিগের এই পর্বে মালয়েশিয়ার কাছে ৬ গোলে উড়ে গেলেও সিঙ্গাপুর ও ইউক্রেনকে ওমান হারিয়েছে ২-১ ব্যবধানে। জার্মান কোচ অলিভার দায়িত্ব নেওয়ার পর দলটি আন্তর্জাতিক পরিমণ্ডলে ভালো করছে। এই অলিভার বাংলাদেশের কিছুদিন গোলরক্ষক কোচ হিসেবে কাজ করেছেন। বাংলাদেশ দল সম্পর্কে ভালোই জানা আছে তাঁর। তবে ঘরের মাঠে ওমানের বিপক্ষে পাওয়া সাফল্য বিবেচনায় বাংলাদেশ দল আজ আশাবাদী থাকছে। সিঙ্গাপুর থেকে ফোনে দলের সহকারী ম্যানেজার রফিকুল ইসলাম কামাল বললেন, ‘আমরা জয়ের ব্যাপারে খুবই আত্মবিশ্বাসী। ওমানকে হারিয়ে সেমিফাইনালে উঠতে ছেলেরা উদগ্রীব হয়ে আছে।’
বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় শুরু ম্যাচ। মাঠের বাইরের আত্মবিশ্বাসের ঝলক প্রবল প্রতিদ্বন্দ্বীর সঙ্গে মর্যাদার ম্যাচে মাঠেও এবার দেখানোর পালা।