দিল্লির ধ্যানচাঁদ স্টেডিয়ামে জনা দশেক বাংলাদেশি সমর্থকের হাতে পতাকা ছিল একটাই। তা পতাকা কম থাকলেও মুখে ‘বাংলাদেশ বাংলাদেশ’ চিৎকার করতে কোনো সমস্যা ছিল না। বাংলাদেশ হকি দলকে সমর্থন জানাতে তাঁরা সারাক্ষণ চিৎকার করে গেলেন। বিদেশের মাঠে এই হূদয়-নিংড়ানো সমর্থন বিফলে যায়নি। বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে কাল ওমানকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ।র্যাঙ্কিংয়ের ১৮ নম্বরের দল চীনকে হারিয়ে আগের ম্যাচে চমক দেখিয়েছে বাংলাদেশ (৪০)। সেই হিসাবে ৩৬ নম্বর ওমানকে হারানোটা প্রত্যাশিতই ছিল জিমি-চয়নদের কাছে। বাংলাদেশ ওমানকে হারিয়েই তৃতীয় রাউন্ডে ওঠার সম্ভাবনা ধরে রাখল। তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট। ছয় দলের গ্রুপের সেরা দুই দল যাবে তৃতীয় রাউন্ডে।গত এপ্রিলে এই ওমানকে ৬-৩ গোলে হারিয়েই এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ঢাকা ছাড়ার আগে তাই ম্যাচটি নিয়ে দারুণ আত্মবিশ্বাসী ছিলেন খেলোয়াড়েরা। কিন্তু কাল ওমানের বিপক্ষে প্রথম গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে ৩৮ মিনিট। লম্বা পাস ছেড়ে কিন্তু দ্বিতীয়ার্ধে বাংলাদেশ খেলে ছোট ছোট পাসে। এই কৌশলেই সাফল্য আসে তাড়াতাড়ি। ৩৯ মিনিটে বাঁ প্রান্ত থেকে জিমির দুর্দান্ত এক ক্রসে ম্যাচসেরা মিমো স্টিক দিয়ে বলের গতিটা বদলে জালে পাঠিয়েছেন। এর পরই জিমি-মিমো জুটি আতঙ্ক ছড়াতে থাকে ওমানের রক্ষণে। ৫১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন শেখ মোহাম্মদ নান্নু। ৬০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ড্র্যাগ ফ্লিকে চীন-বধের মূল নায়ক জিমি করেন ৩-০। ৬৫ মিনিটে ওমানের জুম্মন সাদ পিসি থেকে একটি গোল শোধ করে ঘুরে দাঁড়ানোর চেষ্টাটা জানান দেন। তবে ঘুরে দাঁড়াতে দেয়নি বাংলাদেশ। ৬৮ মিনিটে মইনুলের (কৌশিক) গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। কাঁধ-সমান উঁচুতে ওঠা জিমির বানিয়ে দেওয়া বলটা আলতো টোকায় জালে পাঠান এই তরুণ ফরোয়ার্ড।ওমানকে নিয়ে একটু ভয়েই ছিল বাংলাদেশ। ওমানের বর্তমান কোচ জার্মানির অলিভার কার্জ একসময় ছিলেন বাংলাদেশ দলের সাবেক কোচ গেরহার্ড পিটারের সহকারী। বাংলাদেশের দুর্বলতাগুলো ভালোই জানা তাঁর। কিন্তু শেষ পর্যন্ত কোনো কিছুতে কাজ হয়নি ওমানের। পুরো ম্যাচে বল দখলে এগিয়ে ছিল বাংলাদেশ (৬২-৪৮)। গোলপোস্টে ১৯ বার হিট করেছে বাংলাদেশ, ১১ বার ওমান।তবে ওমানকে হারিয়ে বাংলাদেশ দল আনন্দে উচ্ছ্বসিত হতে পারছে না। এ ম্যাচেই চোট পেয়েছেন সেরা ডিফেন্ডার মামুনুর রহমান (চয়ন)। ওমানের এক খেলোয়াড়ের কনুইয়ের আঘাত পেয়ে প্রথমার্ধেই মাঠ ছাড়েন এই পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছেড়েছেন মশিউর ও খোরশেদুর। সামনের ম্যাচে তাদের খেলা নিয়ে সংশয় থাকছেই।জয়ের পর কাল দিল্লি থেকে টেলিফোনে খুবই উচ্ছ্বসিত লাগল বাংলাদেশের কোচ মাহবুব হারুনকে, ‘এখন আমরা বলতে পারব, আমাদের হকি একটা পর্যায়ে গেছে। চীন, ওমানের মতো দলকে হারাতে পারছি।’ আগামীকাল বাংলাদেশের প্রতিপক্ষ ফিজি, যাদের ভারত ১৬-০ ও আয়ারল্যান্ড ১৩-০ গোলে হারিয়েছে। কাল লিগের অন্য ম্যাচে ভারত ৩-২ গোলে হারিয়েছেআয়ারল্যান্ডকে।