অনূর্ধ্ব-২১ জুনিয়র এশিয়া কাপে পাকিস্তানের কাছে ৩-১ গোলে হারলেও বাংলাদেশের খেলাটা ছিল প্রশংসাযোগ্য। প্রথম ম্যাচের ভালো পারফরম্যান্স দ্বিতীয় ম্যাচেও ধরে রাখল বাংলাদেশ। ওমানের বিপক্ষে কাল এল জয়ও। তবে জয়টা তুমুল লড়াইয়ের পর ৫-৪ গোলে।
হকিতে বাংলাদেশের প্রবল প্রতিদ্বন্দ্বী এখন ওমান। দুই দেশের জাতীয় দলের সর্বশেষ লড়াইয়ে ওমান জিতেছে। যুব হকিতেও চলছে প্রতিদ্বন্দ্বিতা। কাল ৩ মিনিটেই এগিয়ে গিয়েছিল ওমান। পরের মিনিটেই ফিল্ড গোলে সমতা ফেরান রোমান। এগিয়ে যাওয়ার চেষ্টায় ১১ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে বাংলাদেশকে এগিয়ে দেন আশরাফুল (২-১)। ১৬ মিনিটে আরশাদের স্টিকে ৩-১, মিনিট চারেক পরই ৩-২। ২৫ মিনিটে দ্বীন ইসলামের গোলে বাংলাদেশ এগিয়ে যায় ৪-২ গোলে।
বিরতির মিনিট তিনেক পর ওমান ৪-৩ করে ফেলে। অবশ্য সেন্টার থেকেই নিজের দ্বিতীয় গোলে ৫-৩ করেছেন ম্যাচসেরা আশরাফুল। পরে ওমান আরেকটি গোল শোধ করেছে (৫–৪)। বাংলাদেশ দলের সহকারী ম্যানেজার জাফরুল আহসান জয়ের পর বলেছেন, ‘পাকিস্তানকে আমরা বড় ব্যবধানে জিততে দিইনি। আজ ওমানকে হারালাম। এতে প্রমাণ হচ্ছে চেষ্টা করলে অনেক কিছুই সম্ভব।’ বাংলাদেশের শেষ গ্রুপ ম্যাচ আগামীকাল দক্ষিণ কোরিয়ার সঙ্গে।