ওমানকেই পেল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হারটা একরকম অনুমিতই ছিল। তার পরেও বাংলাদেশের চাওয়া ছিল যতটা সম্ভব প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার। কিন্তু সেটাও হলো না। সিঙ্গাপুরে বিশ্ব হকি লিগে গ্রুপপর্বের শেষ ম্যাচে পোল্যান্ডের কাছে ৫-০ গোলে হেরেছেন জিমিরা।
র্যাঙ্কিংয়ের ১৮তম দলের কাছে ৩০তম স্থানে থাকা বাংলাদেশ আসলে হেরে গেছে প্রথম দুই কোয়ার্টারেই। পেনাল্টি কর্নার (পিসি) আদায় করে তা থেকে গোল বানিয়ে নেওয়ার কৌশলটা ভালোই কাজে লাগিয়েছে পোলিশ খেলোয়াড়েরা। পাঁচ গোলের চারটিই তারা করেছে পিসি থেকে। ওদিকে বাংলাদেশ ছয়টি পিসি পেয়ে একটিও গোল করতে পারেনি। অথচ অনুশীলনে কোচ গোবিনাথান কৃষ্ণমূর্তি পিসির ওপরে আলাদা কাজ করিয়েছেন কৃষ্ণ-মিমোদের।
ম্যাচের পাঁচ মিনিটেই দুই গোল হজম করে বসে বাংলাদেশ। ৩ ও ৫ মিনিটে পিসি থেকে গোল দুটি করেন পাওয়েল ব্রাতকোফস্কি। ২২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন এই পোলিশ স্ট্রাইকার। ৪২ মিনিটে ফিল্ডগোল করেন অ্যাডাম খভালিশ। ৪৪ মিনিটে পিওতর কোজলফস্কির গোলটি আবার পিসি থেকেই আসে। শুধু শেষ কোয়ার্টারই একটু লড়েছে বাংলাদেশ, বেশ কয়েকটি গোল বাঁচিয়েছেন গোলরক্ষক অসীম গোপ।
গ্রুপের তিন ম্যাচে দুটিতেই হার। তবে কালকের হারেও সেমিফাইনালে খেলার সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল বাংলাদেশের। গ্রুপে তৃতীয় হওয়ায় সেমিতে ওঠার লড়াইয়ে আগামীকাল কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে ওমানের। ওমানকে হারালেও তৃতীয় রাউন্ড নিশ্চিত নয় বাংলাদেশের। চার সেমিফাইনালের সেরা তিনটি দলই যাবে পরের রাউন্ডে।
যদিও এখনই এসব নিয়ে ভাবতে চান না কোচ গোবিনাথান কৃষ্ণমূর্তি, ‘আপাতত আমাদের সব নজর পরের ম্যাচে। আমরা এই ম্যাচে ওমানকেই আশা করেছিলাম প্রতিপক্ষ হিসেবে। তবে যে-ই আসুক না কেন, জয় ছাড়া এখন আমাদের কাছে বিকল্প কিছুই নেই।’
আজ টুর্নামেন্টের সূচিতে কোনো ম্যাচ রাখা হয়নি। খেলোয়াড়দেরও বিশ্রামে থাকার কথা। তবে হারের পর বাড়তি অনুশীলনের দিকেই নজর কোচের। তাই আজ দুই বেলা অনুশীলন করার কথা রয়েছে জিমিদের।