ওমানে খেলবেন জিমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলবদল নিয়ে ঘরোয়া হকিতে চলছে ঘোর অনিশ্চয়তা। তাতে কি, রাসেল মাহমুদ জিমিকে অন্তত এই অনিশ্চয়তা গ্রাস করতে পারছে না। জার্মানি, বেলজিয়াম ও ওমানে খেলার প্রস্তাব আছে তাঁর হাতে।জার্মানিতে তিন বছর ধরে খেলছেন। সম্প্রতি মিউনিখের রেড হোয়াইট ক্লাবকে বুন্দেসলিগার দ্বিতীয় স্তরে তুলতে রেখেছেন বড় অবদান। জিমির খেলা দেখে বেলজিয়ামের ড্রাগন ক্লাবে খেলার প্রস্তাব দিয়ে রেখেছেন মিশেল কিনান। আন্তর্জাতিক হকি ফেডারেশনের বিশেষজ্ঞ কোচ হিসেবে এই বেলজিয়ান সপ্তাহ খানেক ঢাকায় কাজ করে গেছেন বেশ কিছুদিন আগে। তবে ওমানের আল-সিব ক্লাবের মালিকের সঙ্গে একটু বেশি জানাশোনা থাকায় ওমানের প্রস্তাবটাই বেছে নিচ্ছেন জিমি, ‘অনেক দিন ধরেই ওমান লিগের চ্যাম্পিয়ন দল আল-সিবের মালিক নাদির আল নাসিরের অনুরোধ করছেন তাঁর ক্লাবে খেলতে। এবার আর এড়াতে পারলাম না। ১০ সেপ্টেম্বরের পর শুরু ওমানের ঘরোয়া টুর্নামেন্ট চ্যাম্পিয়নস কাপে আল-সিবের হয়ে খেলতে এশিয়া কাপের পর পরই ওমান যাব। ওরা কয়েক দিনের মধ্যে ভিসা পাঠিয়ে দেবে।’ আল-সিব দুজন মিডফিল্ডার চাওয়ায় কামরুজ্জামান রানা ও শেখ নান্নুর নাম প্রস্তাব করেছেন জিমি। ভিডিও দেখে এই দুজনকে পছন্দ হলে হয়তো তাঁরাও ওমানের এই ক্লাবে খেলার সুযোগ পাবেন।জিমি জানিয়েছেন, গতবার তিন ম্যাচের জন্য প্রাইজমানিসহ আল-সিব তাঁকে সাড়ে তিন লাখ টাকা দিতে চেয়েছিল। শুধু ম্যাচ ফি ৫০ হাজার টাকা। এবার চূড়ান্ত কথা না হলেও ম্যাচ ফি বাড়বে বলেই ধারণা। ১৯৮২ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি স্থানীয় প্রধানমন্ত্রী কাপ হকিতে চ্যাম্পিয়ন হয়েছে ১১ বার। হকি ছাড়াও ক্লাবটি ফুটবল, বাস্কেটবল, হ্যান্ডবল ও টেবিল টেনিস খেলে।