ম্যাচ শেষ হতে মিনিট খানেক বাকি। টেলিভিশন ধারাভাষ্যকার বললেন, ‘এই এশিয়া কাপে এটাই সবচেয়ে বড় অঘটন!’ সত্যিই! এশিয়া কাপ হকিতে কাল অঘটনের জন্ম দিয়েছে ওমান। গ্রুপ পর্বে বাংলাদেশকে ৪-২ গোলে হারিয়ে ওমান চমকে দিয়েছে সবাইকে। এই হারে টুর্নামেন্টে বাংলাদেশের পঞ্চম-ষষ্ঠ হওয়ার আশাও শেষ। অথচ ওমানের বিপক্ষেই জয়ের প্রত্যাশা নিয়ে মালয়েশিয়া গিয়েছিল বাংলাদেশ, স্বপ্ন দেখেছিল পঞ্চম হওয়ার। ওমানের সঙ্গে ১০ বারের সাক্ষাতে এটি বাংলাদেশের দ্বিতীয় হার। দুই দল এর আগে ড্র করেছে তিনবার। গত বছর ব্যাংককে এএইচএফ কাপের ফাইনালে ওমানকে হারিয়েছিল ৬-৩ গোলে। গত ফেব্রুয়ারিতে দিল্লিতে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে ওমানের বিপক্ষে জয়টা ছিল ৪-১ গোলের। মাত্র ছয় মাসেই সেই ওমান বাংলাদেশের ‘বড় ভাই’ হয়ে উঠল!আগের ম্যাচেই কোরিয়ার কাছে ৯ গোলে হার। সেই ধাক্কাটা কাটতে না-কাটতেই এমন হার। ওমানের কোচ অলিভার কার্জ একসময় ছিলেন বাংলাদেশের সাবেক কোচ গেরহার্ড পিটারের সহকারী। বাংলাদেশের খেলার ধরন ও কৌশলও অজানা নয় তাঁর।আসলে কালকের ম্যাচে বাংলাদেশের রক্ষণ, মাঝমাঠ বলতে কিছুই ছিল না। যে অল্প কটি সুযোগ পেয়েছে বাংলাদেশ, সেগুলোও কাজে লাগাতে পারেননি ফরোয়ার্ডরা। ম্যাচের ২৪ মিনিটে ওমানের গোলরক্ষককে একা পেয়েও বলে স্টিক ছোঁয়াতে পারেননি পুষ্কর খীসা (মিমো)। ২৬ মিনিটে হাসান যুবায়ের (নিলয়) নষ্ট করেছেন সহজতম সুযোগ। ম্যাচের ২৯ মিনিটে প্রথম ওমানকে এগিয়ে নেন হাশিম আল সাত্তির। প্রথমার্ধে ১-০-তে এগিয়ে যাওয়া ওমান দ্বিতীয়ার্ধে আরও চেপে ধরে বাংলাদেশকে। ৪৩ মিনিটে পেনাল্টি কর্নার (পিসি) থেকে ব্যবধান দ্বিগুণ করেন হোবাইস আল সার (২-০)। দুই মিনিট পর ৩-০ করেন কাসিম খাতাম রজব। গোল করতে ব্যর্থ মিমোকে উঠিয়ে নেওয়ার পর বদলি রোমান বাংলাদেশের পক্ষে গোলের খাতা খোলেন (৩-১)। ৫৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ওমান আবারও গোল করে ছিটকে ফেলে বাংলাদেশকে (৪-১)। শেষ বাঁশির মিনিট খানেক আগে পেনাল্টি কর্নারে গোল করে হারের ব্যবধান কমিয়েছেন অধিনায়ক মামুনুর রহমান (চয়ন)। অথচ কোনো এক অজানা কারণে বাংলাদেশের প্রথম পিসি (পেনাল্টি কর্নার) করতেই দেওয়া হয়নি পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ চয়নকে!পুরো ম্যাচে ৫৩ শতাংশ বল দখলে ছিল ওমানের। বাংলাদেশের খেলোয়াড়দের নিয়ন্ত্রণে ছিল ৪৭ শতাংশ। গোলমুখে বাংলাদেশ ৯ বার হিট করে, ওমান ১০ বার। পিসি আদায় করাটা যেন সোনার হরিণ হয়ে যাচ্ছে বাংলাদেশের জন্য। মাত্র দুটি পিসি থেকে ১টি গোল করেছে বাংলাদেশ, আর ৩টি পিসি থেকে দুটি গোল করেছে ওমান। টুর্নামেন্টে পাকিস্তানি কোচ নাভিদ আলমের কৌশল এখন প্রশ্নবিদ্ধ। কে কখন কোন জায়গায় খেলছেন, সেটা খেলোয়াড় নিজেই কি বুঝতে পারছেন? অথচ স্থানীয় কোচ মাহবুব হারুনের অধীনে এএইচএফ কাপ ও বিশ্ব হকি লিগে এই দলটাই দারুণ খেলেছে। এশিয়া কাপে যাওয়ার আগে বড় দলের বিপক্ষে কোনো প্রস্তুতি ম্যাচ খেলতে পারেনি জাতীয় দল। দলবদলের দাবিতে আন্দোলনরত খেলোয়াড়দের ক্যাম্প বর্জনের হুমকি ছিল নৈমিত্তিক। ক্যাম্পের এই অস্থিরতা এশিয়া কাপের খেলায় প্রভাব ফেলেছে। ম্যাচ শেষে মালয়েশিয়া থেকে টেলিফোনে হতাশ জিমি বলছিলেন, ‘আমাদের মাঝমাঠ বলে কিছু ছিল না। জায়গাটা ফাঁকা থাকায় ওমান আমাদের ওপর চড়াও হতে পেরেছে। আমাদের আক্রমণগুলো সরাসরি রক্ষণ থেকে এসেছে। নিজেদের মধ্যে বোঝাপড়াটাও ভালো ছিল না।’গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ আগামীকাল, প্রতিপক্ষ ভারত।