ওমানের কাছে হারের পর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্য—এশিয়া কাপে অন্তত ষষ্ঠ হওয়া। কেউ কেউ পঞ্চম হওয়ারও স্বপ্ন দেখেছিলেন। কিন্তু পরশু ওমানের কাছে ৪-২ গোলের হারে চুপসে গেছে সেই প্রত্যাশার বেলুন। প্রথম ম্যাচে কোরিয়ার কাছে ৯ গোল হজমের পর এই লজ্জাজনক হার, যাতে স্তব্ধ হকি অঙ্গন। আজ ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে কথা বলার আগ্রহও যেন কারও নেই।খেলোয়াড়দের মনোবল বাড়াতে ওমানের ম্যাচের আগে ঘোষণা করা হয়েছিল দেড় লাখ টাকার বোনাস। কিন্তু বোনাসের অঙ্কটাও খেলোয়াড়দের উজ্জীবনী শক্তি হয়ে উঠতে পারেনি। অথচ এই দলটাই গত বছর ব্যাংককে এএইচএফ কাপের ফাইনালে ওমানকে হারিয়েছিল ৬-৩ গোলে। আর বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে দিল্লিতে ওমানের বিপক্ষে জয়টা ছিল ৪-১ গোলের।হকি কিংবদন্তি আবদুস সাদেক দলের ব্যর্থতায় খুবই হতাশ। তাঁর ময়নাতদন্তে উঠে এসেছে অনেক কিছুই, ‘ছেলেরা একদমই আগের মতো খেলতে পারেনি। উল্টো ওমান অনেক উন্নতি করেছে। আমাদের মাঝমাঠ বলতে কিছুই ছিল না। ম্যাচে পুরো নিয়ন্ত্রণ ছিল ওদেরই। আমরা সেভাবে পিসিও আদায় করতে পারিনি। ওমানের জন্য বাড়তি সুবিধা, ওদের কোচ জার্মানির অলিভার কার্জ। উনি অনেক দিন পিটারের (সাবেক কোচ গেরহার্ড পিটার) সহকারী ছিলেন। আমাদের কৌশলগুলো সবই জানা অলিভারের। আমাদের দুর্বলতাগুলো নিয়েও হয়তো অনেক স্টাডি করেছেন।’ আড়াই মাসের অনুশীলনেও খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া তৈরি হয়নি দেখেও বিস্মিত সাদেক, ‘এত দিন ক্যাম্প হলো, কিন্তু খেলোয়াড়দের মধ্যে মনে হচ্ছিল বোঝাপড়ার বড়ই অভাব। প্রস্তুতি ম্যাচ কম হওয়াটা এর একটা কারণ হতে পারে।’ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ যারপরনাই হতাশ, ‘টিভিতে আমাদের ছেলেদের খেলা দেখে খুবই হতাশ হয়েছি। এত কষ্ট করে, এত প্রস্তুতি নিয়ে পাঠালাম। এরপর যদি ওরা এমন খেলে, তাহলে কেমন লাগে!’ এশিয়া কাপের প্রস্তুতির সময় দলবদলের দাবিতে আন্দোলনরত খেলোয়াড়দের ক্যাম্প বর্জনের হুমকি ছিল প্রতিনিয়তই। ক্যাম্পের এই অস্থিরতাও কি প্রভাব পড়েছে? খাজা রহমতউল্লাহ সম্ভাবনাটা উড়িয়ে দিচ্ছেন না, ‘কিছুটা হলেও এর প্রভাব পড়েছে। তবে ম্যানেজার ও কোচ ফিরলে যে রিপোর্ট দেবে, সেটা দেখলে বুঝতে পারব আসলে কী হয়েছে।’প্রশ্ন উঠেছে, পাকিস্তানি কোচ নাভিদ আলমের অবলম্বন করা কৌশল নিয়েও। সাবেক খেলোয়াড় ও কোচ প্রতাপ শঙ্কর হাজরা হকি দলের উল্টোযাত্রার জন্য দায়ী করলেন কোচ বদলানোকেও, ‘সাম্প্রতিক সময়ে হারুন (মাহবুব হারুন) এত ভালো রেজাল্ট দিয়েছে। অথচ সেখান থেকে তাকে সরিয়ে দিয়ে পাকিস্তান-প্রীতির কারণে পাকিস্তানি কোচ আনা হয়েছে। এটা ঠিক হয়নি।’এবারের টুর্নামেন্টে ষষ্ঠ হতে পারলে আগামী এশিয়া কাপের বাছাইপর্বে খেলতে হবে না বাংলাদেশকে। সেই আশা যে শেষ হয়ে গেছে, তা নয়। দুই গ্রুপের তৃতীয় ও চতুর্থ দল মুখোমুখি হবে পরস্পরের। গ্রুপে চতুর্থ বাংলাদেশ প্রথমে মুখোমুখি হবে অন্য গ্রুপের তৃতীয় জাপানের। সেটিতে জিতলে সুযোগ মিলবে পঞ্চম বা ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ খেলার। হেরে গেলে খেলতে হবে সপ্তম বা অষ্টম স্থানের জন্য।