ওমানের লিগে 'নিষিদ্ধ' জিমি
গত আগস্টে প্রত্যাশার বেলুন ফুলিয়ে এশিয়া কাপ হকিতে গিয়ে বাংলাদেশ ফিরেছে সপ্তম হয়ে। মালয়েশিয়ার এই টুর্নামেন্টে দলের বড় ভরসা রাসেল মাহমুদ জিমি, জাহিদ হোসেন, ইমরান হাসানদের (পিন্টু) পারফরম্যান্স হয়েছে প্রশ্নবিদ্ধ। বিশেষ করে ওমানের কাছে ৪-২ গোলের হার কিছুতেই মেনে নিতে পারেননি ফেডারেশন কর্মকর্তারা। অভিযোগ ছিল, মালয়েশিয়ায় ওমানের বিপক্ষে ইচ্ছে করেই নিজেদের সেরাটা খেলেননি জিমিরা। ম্যাচের আগে জিমিসহ অন্যরা কেনাকাটায় ব্যস্ত ছিলেন ওমানের কোচ ও কর্মকর্তাদের সঙ্গে।
দেশে ফিরে এশিয়া কাপের ব্যর্থতায় গঠিত তদন্ত কমিটির মুখোমুখি হতে হয় খেলোয়াড়দের। তিন বছরের জন্য ঘরোয়া হকি ও জাতীয় দল থেকে নিষিদ্ধ হয়েছেন জিমি, জাহিদ ও ইমরান। দুই বছরের জন্য নিষিদ্ধ কামরুজ্জামান রানা।
অথচ দুই নিষিদ্ধ খেলোয়াড় জিমি ও রানা ওমানের ঘরোয়া হকিতে খেলতে গেছেন ১০ ডিসেম্বর। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বিজয় দিবসের ফাইনাল দেখতে আসা জিমির বাবা আবদুর রাজ্জাক সোনা মিয়া কাল বললেন, ‘জিমি ওমানের প্রিমিয়ার লিগে খেলতে গেছে। কয়েক দিন পরই ও ফিরবে।’
খবরটা শুনে বিস্মিত ফেডারেশন সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ, ‘সে কীভাবে খেলে? নিয়মমতো কোনো নিষিদ্ধ খেলোয়াড়ই অন্য দেশে গিয়ে খেলতে পারে না। বাইরে কোথাও খেলতে গেলে অবশ্যই ফেডারেশনের অনুমতি নিতে হবে।’ ওমান হকি ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে জিমিদের সখ্য বাংলাদেশের সাবেক কোচ জার্মানির গেরহার্ড পিটারের সহকারী অলিভার কার্জের মাধ্যমে। তিনিই এখন ওমানের কোচ।
জিমির ওমানে খেলার বিষয়টি কিছুতেই মেনে নিতে পারছেন না খাজা রহমতউল্লাহ, ‘জিমি খুবই অন্যায় করেছে। আসলে জিমিকে ওমান পুরস্কৃত করল। ও দেশের সঙ্গে বেইমানি করেছে।’ শিগগিরই জিমির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন ফেডারেশন সম্পাদক, ‘আমরা এরই মধ্যে এফআইএইচ (আন্তর্জাতিক হকি ফেডারেশন) ও এএইচএফকে (এশিয়ান হকি ফেডারেশন) চিঠি দিয়ে বিষয়টা জানিয়েছি। ওরা কী ব্যবস্থা নেয় তা দেখে আমরাও একটা ব্যবস্থা নেব।’