ওয়াটসনের পাশে লারা

বোল্ট-ঝড়ে তছনছ অস্ট্রেলিয়ান ব্যাটিং লাইনআপ হয়তো আবার গুছিয়ে উঠবে। অস্ট্রেলিয়া দলটাও হয় উঠবে সাজানো সংসার। কিন্তু সেখানে শেন ওয়াটসনের জায়গা হবে তো?
নিউজিল্যান্ড ম্যাচের আগে বলা হচ্ছিল, এটিই ওয়াটসনের শেষ সুযোগ। অস্ট্রেলিয়া একাদশে এখন জায়গা নিয়ে লড়াই তুমুল। প্রথম দারুণ এক ফিফটিসহ দলকে জয়ে নেতৃত্ব দেওয়া জর্জ বেইলিকে গত ম্যাচে বসে থাকতে হয়েছে মাইকেল ক্লার্ক ফেরায়। কামিন্স-হ্যাজলউডের দুজন খেলেছেন দুই ম্যাচে। জেমস ফকনার নেই বলেই হয়তো গত ম্যাচটিতেও সুযোগ পেয়েছিলেন ওয়াটসন। কিন্তু নিজেকে মেলে ধরতে পারেননি অভিজ্ঞ অলরাউন্ডার। এখন চোট কাটিয়ে ফকনার ফেরার অপেক্ষায়। এ ক্ষেত্রে কোপটা পড়তে পারে ওয়াটসনের ওপরই। আরেক পেস বোলিং অলরাউন্ডার মিচেল মার্শ তো নিজের জায়গা করে নিয়েছেন। অস্ট্রেলিয়াজুড়েই দাবি উঠেছে ওয়াটসনকে বাদ দেওয়ার। তবে এই দুর্দিনে একজনকে পাশে পেয়েছেন ওয়াটসন। ব্রায়ান লারার মতে, আরও সুযোগ প্রাপ্য ওয়াটসনের!
অকল্যান্ডে গত ম্যাচে শুরুটা ভালোই করেছিলেন ওয়াটসন। দ্বিতীয় উইকেটে ডেভিড ওয়ার্নারের সঙ্গে গড়েছিলেন ৫০ রানের জুটি। কিন্তু ওয়াটসনকে দিয়েই শুরু হয় ব্যাটিং ধস। অন্যদের আউটে অবশ্যই ওয়াটসনের দায় নেই। তবে নিজের আউটে তো ছিল! ২৩ রান করে ড্যানিয়েল ভেট্টোরিকে ছক্কা মারতে গিয়ে ধরা পড়েছেন সীমানায়। কিছুদিন ধরেই এটিই নিয়মিত দৃশ্য। বারবার থিতু হয়েও আউট হয়ে যাচ্ছেন। আগামীকাল অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ আফগানিস্তান। রানে ফেরার জন্য ওয়াটসনের উপযুক্ত মঞ্চ। কিন্তু সুযোগটা কি পাবেন?
লারা সুযোগ দেওয়ার পক্ষে, ‘আমার মনে হয় ওদের উচিত ওয়াট্টোকে খেলিয়ে যাওয়া। ওর সামর্থ্য প্রমাণিত, পারফর্মও করেছে আগে। কাজেই যেকোনো সময় নিজেকে ফিরে পাবে। আর নিজের দিনে সে বরাবরই একাই জেতাতে পারে দলকে।’
তবে নিজের দেশে বাদ দেওয়ার দাবিটা জোরালো হচ্ছে সময়ের সঙ্গে। কদিন আগেই এক ব্যবসা সাময়িকীর হিসাবে অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশি আয় করা ক্রিকেটার হয়েছেন ওয়াটসন। সেদিকে ইঙ্গিত করে প্রখ্যাত ক্রিকেট লিখিয়ে গিডিয়ন হেই তো লিখেই দিয়েছেন, ‘সে দুর্দান্ত প্রতিভাবান ও দারুণ একজন ক্রিকেটার। একই সঙ্গে সে সম্পদশালী, অতি প্রশ্রয়প্রাপ্ত, অপরিণত ও আত্মকেন্দ্রিক।’
তো এই ওয়াটসন কি আরেকটি সুযোগ পাবেন? উত্তর মিলবে কালই। পার্থে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ আরব আমিরাত। রয়টার্স, সিডনি মর্নিং হেরাল্ড।