
উইকেটে এসেছিলেন চতুর্থ ওভারেই, দল প্রথম উইকেট হারানোর পর। মিনিট বিশেকের বৃষ্টিবিরতির পর প্রথম দুই বলেই অস্ট্রেলিয়া হারাল আরও দুজনকে। তবে আরেক প্রান্তে কী হচ্ছে না-হচ্ছে, তাতে খুব সামান্যই যায়-আসে শেন ওয়াটসনের। ঝড় তুলেছেন নিজের মতোই। আরেক পাশে যোগ্য সাহচর্য দিয়েছেন মাইকেল ক্লার্ক। দুজনের ব্যাটে সিরিজ নির্ধারণী ম্যাচে অস্ট্রেলিয়া করেছে ২৯৮ রান। ১২টি চার ও ৬টি ছক্কায় ওয়াটসন খেলেছেন ১০৭ বলে ১৪৩ রানের দুর্দান্ত এক ইনিংস। ইংল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটাও নিজের করে নিয়েছেন। ক্লার্ক করেছেন ৭৫। ইংল্যান্ডের বেন স্টোকস ৬১ রানে নিয়েছেন ৫ উইকেট। এ রিপোর্ট লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ১৭ ওভারে ৪ উইকেটে ৬৮ রান। ব্যাট করছিলেন মরগান (১৫) ও বোপারা (০)।
অভিষিক্ত পেসার ক্রিস জর্ডান নিজের সপ্তম বলেই দেখা পান প্রথম উইকেটের। শর্ট বলে পুল করতে গিয়ে আউট ফিল হিউজ (২)। ফিঞ্চ-ওয়াটসন দ্বিতীয় উইকেটে ৩৫ রানের জুটি গড়ার পর নামে বৃষ্টি। আবার খেলা শুরু হলে বেন স্টোকসের টানা দুই বলে আউট অ্যারন ফিঞ্চ (২৬) এবং ওপরে ব্যাট করার সুযোগ পাওয়া ম্যাথু ওয়েড (০)। ৪৮ রানে ৩ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া তখন বিপদে। দুর্দান্ত ব্যাটিংয়ে ওয়াটসন-ক্লার্ক উল্টো চাপে ফেলে দিলেন ইংল্যান্ডকেই। চতুর্থ উইকেটে দুজনের জুটি ছিল ১৩৩ বলে ১৬৩। ওয়েবসাইট।