ওয়াটসনের স্বস্তি আবার আফসোসও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতের কাছেই এত বড় ‘ত্রাতা’ আগে কেন খুঁজে পাননি শেন ওয়াটসন!
রানখরা তো ছিলই, দৃষ্টিকটুভাবে বারবার এলবিডব্লু হচ্ছিলেন ভেতরে ঢোকা বলে। ব্যাটিং কোচ মাইকেল ডি ভেনুটোর সঙ্গে লম্বা সেশন কাটিয়েছেন নেটে। কোচ ড্যারেল লেম্যানের সঙ্গে কাজ করেছেন। অনুশীলন ম্যাচে না খেলে নিবিড় অনুশীলন করেছেন। কাজ হচ্ছিল না কিছুতেই। শেষ টেস্ট আর শেষ সুযোগের আগে নেটে অনেকটা সময় কাটালেন মাইকেল ক্লার্কের সঙ্গে। ফলাফল—ক্যারিয়ার-সেরা ইনিংসে ক্যারিয়ার বাঁচানো। দুর্দান্ত ১৭৬।
ক্লার্কের টেকনিক্যাল পরামর্শ কাজে লেগেছে অবশ্যই। তবে অধিনায়কের পরামর্শেই হাতেনাতে ফল, ব্যাপারটা এমন সহজও নয়। লড়াই করতে হয়েছে মনের সঙ্গেও। স্বস্তির ইনিংসটার পর ওয়াটসন জানালেন নিজের সঙ্গে সেই বোঝাপড়ার কথা, ‘গত মাস থেকেই অনেক আত্মানুসন্ধান করতে হয়েছে আমাকে, ক্যারিয়ারের যেকোনো সময়ের চেয়ে বেশি। কোনো সন্দেহ নেই সেঞ্চুরি পাওয়াটা বড় একটা স্বস্তি। অনেক অনেক কষ্ট করতে হয়েছে। বেশ কিছু ভালো মানুষের সাহায্য আমাকে এমন ব্যাটিং করতে সহায়তা করেছে।’
প্রায় তিন বছর, ২৪ টেস্ট আর ৪৭ ইনিংস অপেক্ষার পর দেখা পেলেন টেস্ট সেঞ্চুরির। দলে জায়গা নিয়ে যেমন প্রশ্ন উঠছিল, তেমনি প্রশ্ন জাগছিল ওয়াটসনের নিজের মনেও, ‘নিজেকে নিজে অনেক প্রশ্ন করছিলাম যে ক্রিকেটার হিসেবে কোথায় আছি। এই ইনিংসটা ভালো করতে পেরে ভালো লাগছে, তবে এতটা দেরিতে আসাটা ভালো লাগেনি।’ এএফপি।